পুলিশ সুপারের নির্দেশে বদলগাছীতে ডিবির অভিযান, এক কেজি গাঁজাসহ দুইজন গ্রেফতার
নওগাঁ জেলা প্রতিনিধিঃ
নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে এক কেজি শুকনা গাঁজাসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (০৫ আগস্ট ২০২৬) জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস দল বদলগাছী থানা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানের আগে গোয়েন্দা তথ্যের মাধ্যমে জানা যায়, বদলগাছী থানাধীন দোনাইল এলাকায় রুমা (২৫) নামে এক নারীর বসতবাড়ির সামনে তার বাবা ও অপর এক ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ে জড়িত রয়েছে। এ তথ্যের ভিত্তিতে সকাল আনুমানিক ৯টা ৩০ মিনিটে অভিযানিক দল ঘটনাস্থলে পৌঁছালে রুমা দৌড়ে পালিয়ে যায়। তবে ঘটনাস্থলে উপস্থিত ইসরাইল (৫৩), পিতা- ইনছের আলী, সাং- উত্তর পাইকপাড়া, থানা ও জেলা- নওগাঁকে আটক করা হয়। পরে তার হাতে থাকা একটি প্লাস্টিকের বাজারের ব্যাগ তল্লাশি করে ভেতরে থাকা সাদা পলিথিন থেকে এক কেজি শুকনা গাঁজা উদ্ধার করা হয়। উপস্থিত সাক্ষীদের সামনে আলামত জব্দ করে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হয়। এ সময় ইসরাইলের সহযোগী সুব্রত মালী (৪০), পিতা- প্রদীপ মালী, সাং- হরেকৃষ্ণপুর, থানা- বদলগাছী, জেলা- নওগাঁকেও গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বদলগাছী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। জেলা পুলিশ জানিয়েছে, নওগাঁ জেলাকে মাদকমুক্ত রাখতে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের সার্বিক দিকনির্দেশনায় জেলা জুড়ে মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। সাধারণ জনগণের সহযোগিতায় মাদকের বিরুদ্ধে পুলিশের এই অভিযান আরও জোরদার করা হবে বলেও জানানো হয়েছে