অসুস্থ নারী শ্রমিকের বাসায় গিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ লাইন চিফের বিরুদ্ধে

অসুস্থ নারী শ্রমিকের বাসায় গিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ লাইন চিফের বিরুদ্ধে

Aug 2, 2026

 

গাজীপুর প্রতিনিধি:

গাজীপুর সদর উপজেলার শিরিরচালা এলাকার একটি তৈরি পোশাক কারখানার এক নারী শ্রমিককে অসুস্থ অবস্থায় বাসায় গিয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেছেন বলে অভিযোগ উঠেছে একই কারখানার এক লাইন চিফের বিরুদ্ধে। তবে অভিযোগ অস্বীকার বা ব্যাখ্যা পাওয়ার আগেই কারখানা কর্তৃপক্ষ অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে বরং ভুক্তভোগীকে অন্য লাইনে বদলি করে বলে অভিযোগ করেছেন ওই শ্রমিক। পরবর্তীতে মানসিক চাপ ও সামাজিক বিব্রতকর পরিস্থিতির কারণে তিনি চাকরি ছেড়ে দিতে বাধ্য হয়েছেন বলেও দাবি করেন। নাম প্রকাশ না করার শর্তে ভুক্তভোগী জানান, তিনি গাজীপুর সদর উপজেলার বাঘেরবাজার এলাকার শিরিরচালায় অবস্থিত ইভিটেক্স অ্যাপারেলস লিমিটেডে সি গ্রুপের একজন অপারেটর হিসেবে কর্মরত ছিলেন। অসুস্থ হয়ে পড়ায় টানা দুই দিন কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। দ্বিতীয় দিনের সকালে তার লাইন চিফ মোবারক হোসেন তার ভাড়া বাসায় যান। সে সময় তিনি বাসায় একা ছিলেন। অভিযোগ অনুযায়ী, মোবারক হোসেন ঘরে প্রবেশ করে তাকে জড়িয়ে ধরে শরীরের বিভিন্ন স্থানে স্পর্শ করেন এবং জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেন। তিনি চিৎকার করলে অভিযুক্ত সেখান থেকে পালিয়ে যান।
অভিযুক্ত মোবারক হোসেন ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার ফটুয়া গ্রামের মিলন মিয়ার ছেলে। বর্তমানে তিনি শিরিরচালা এলাকায় ভাড়া বাসায় থেকে ইভিটেক্স অ্যাপারেলসে লাইন চিফ হিসেবে কর্মরত। ভুক্তভোগী বলেন, “আমি অসুস্থ অবস্থায় বাসায় শুয়ে ছিলাম। হঠাৎ লাইন চিফ এসে আমাকে একা পেয়ে জোর করে ধর্ষণের চেষ্টা করে। আমি চিৎকার করলে সে পালিয়ে যায়। প্রথমে লজ্জায় কাউকে কিছু বলিনি। পরে স্বামীকে জানাই এবং কারখানা কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করি।” তিনি আরও অভিযোগ করেন, কারখানা কর্তৃপক্ষ তাকে বিষয়টি নিয়ে বেশি আলোচনা না করার পরামর্শ দিয়ে বলেন, জানাজানি হলে তারই মান-সম্মানের ক্ষতি হতে পারে। পরে তাকে আগের লাইন থেকে অন্য তলায় বদলি করা হয়। ঘটনাটি সহকর্মীদের মধ্যে ছড়িয়ে পড়লে সামাজিকভাবে বিব্রত হয়ে তিনি চাকরি ছেড়ে দেন। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শ্রমিক দাবি করেন, মোবারক হোসেন দীর্ঘদিন ধরে নারী শ্রমিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করে আসছেন। তার অনৈতিক প্রস্তাবে রাজি না হলে অতিরিক্ত কাজের চাপ দেওয়া, অশালীন ভাষায় গালিগালাজ করা এবং নারী শ্রমিকদের শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগও রয়েছে। চাকরি হারানোর ভয়ে অধিকাংশ শ্রমিক প্রকাশ্যে মুখ খুলতে চান না বলেও জানান তারা কয়েকজন শ্রমিক আরও অভিযোগ করেন, এর আগেও বিভিন্ন নারী শ্রমিকের বাসায় গিয়ে অনাকাঙ্ক্ষিত আচরণের অভিযোগ উঠেছিল মোবারক হোসেনের বিরুদ্ধে। এসব বিষয়ে স্থানীয় ব্যক্তিবর্গ ও কারখানা কর্তৃপক্ষকে জানানো হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে তাদের দাবি।
এ বিষয়ে অভিযুক্ত মোবারক হোসেনের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার মন্তব্য পাওয়া যায়নি।।ইভিটেক্স অ্যাপারেলস লিমিটেডের মহাব্যবস্থাপক (জিএম) মনিরুজ্জামান বলেন, “আমি বর্তমানে অন্য একটি কারখানায় আছি। এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির সদস্যদের সঙ্গে কথা বললে বিস্তারিত জানা যাবে।” জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন বলেন, “এ ঘটনায় থানায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।” এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শ্রমিকদের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *