কসবায় থানায় মাদক বিরোধী অভিযানে ৩৬০ কেজি গাঁজাসহ পিকআপ ভ্যান জব্দ ০১ আটক
মস্ত মিয়া,
জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া :
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মাদকবিরোধী অভিযানে এ যাবৎকালের অন্যতম বৃহৎ গাঁজার চালান উদ্ধার করেছে কসবা থানা পুলিশ। অভিযানে ৩৬০ কেজি গাঁজা, দুটি মোবাইল ফোন ও একটি পিকআপ গাড়ি জব্দ করা হয়েছে। এ সময় গাঁজা পরিবহনের অভিযোগে একজনকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, সহকারী পুলিশ সুপার (কসবা সার্কেল) মোঃ নাজমুস সাকিব-এর সার্বিক তত্ত্বাবধানে এবং কসবা থানার অফিসার ইনচার্জ আলী মোহাম্মদ রাশেদ-এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে রবিবার (১৯ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে কসবা উপজেলার বিনাউটি ইউনিয়নের হাজীপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে কদমতলী-সয়দাবাদ পাকা সড়কের উপর থেকে একটি পিকআপ গাড়ি তল্লাশি করে ৩৬০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় গাড়িচালক মোঃ শাকিল (৩০)-কে আটক করা হয়। তিনি কসবা উপজেলার কায়েমপুর ইউনিয়নের কালতা দিঘীরপাড় এলাকার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ। পুলিশ আরও জানায়, অভিযানের সময় পিকআপ গাড়ি থেকে নেমে আরও ২ থেকে ৩ জন অজ্ঞাত ব্যক্তি দৌড়ে পালিয়ে যায়। তাদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। কসবা থানা পুলিশের দাবি, সাম্প্রতিক সময়ে এটি কসবা এলাকায় উদ্ধার হওয়া অন্যতম বড় গাঁজার চালান। উদ্ধারকৃত মাদক, মোবাইল ফোন ও ব্যবহৃত পিকআপ গাড়ি জব্দ করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন কসবা থানার অফিসার ইনচার্জ আলী মোহাম্মদ রাশেদ।