আর কত হামলা হবে সাংবাদিকের উপর

নিজস্ব প্রতিবেদকঃ
গাজীপুর জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি এম কাজল খানের ওপর বর্বরোচিত সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও ক্ষোভ জানাচ্ছি। পুলিশ বা সরকারি কর্মচারীদের গায়ে হাত দিলে যদি কঠোর শাস্তি হয়, তবে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ সাংবাদিকদের ওপর হামলা হলে কেন অপরাধীরা লঘু শাস্তির ফাঁক গলে পার পেয়ে যায়? প্রশাসন বা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলা হলে আইনের যে কঠোর রূপ দেখা যায়, সাংবাদিকদের বেলায় সেই আইন কেন শিথিল? কেন সাংবাদিকদের ওপর হামলার বিচার এতো লঘু? এই বৈষম্যমূলক আইনি শিথিলতাই কি অপরাধীদের সাহস বাড়িয়ে দিচ্ছে না? একটি গণতান্ত্রিক সরকারের অন্যতম প্রধান দায়িত্ব হলো সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং স্বাধীনভাবে কাজ করার পরিবেশ তৈরি করা। কিন্তু আজ স্পষ্ট করে বলতে চাই, শুধু মুখের কথায় আর ফাঁকা আশ্বাসে কাজ হবে না। যতক্ষণ না পর্যন্ত দেশের সব সংবাদমাধ্যম একযোগে সংবাদ প্রচার বন্ধ করে রাজপথে কঠোর প্রতিবাদ জানাবে, ততক্ষণ সাংবাদিকদের সুরক্ষার জন্য কোনো কঠোর আইন প্রণয়ন হবে না। অধিকার আদায় করে নিতে হয়, চেয়ে পাওয়া যায় না। সবচেয়ে বড় তামাশা হলো সাংবাদিকদের ওপর যারা হামলা চালায়, পরবর্তীতে তারাই আবার সাংবাদিক সেজে বুক ফুলিয়ে ঘুরে বেড়ায়! এই হাইব্রিড ও অপরাধী চক্রের বিষদাঁত এখনই ভাঙা দরকার।