প্রতিবন্ধী দোকানির তালা ভেঙে মালামাল সরানোর অভিযোগ মার্কেট মালিকের বিরুদ্ধে

প্রতিবন্ধী দোকানির তালা ভেঙে মালামাল সরানোর অভিযোগ মার্কেট মালিকের বিরুদ্ধে

Jul 9, 2026

 

গাজীপুর প্রতিনিধি:

গাজীপুর মহানগরের ২২ নং ওয়ার্ডের বাহাদুরপুর তুলসীভিটা এলাকায় এক শারীরিক প্রতিবন্ধী দোকানির দোকানের তালা ভেঙে নগদ টাকা ও মালামাল সরিয়ে অন্য ব্যক্তির কাছে দোকান ভাড়া দেওয়ার অভিযোগ উঠেছে মার্কেট মালিকের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী দোকানি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত মার্কেট মালিক। সরেজমিনে গিয়ে জানা যায়, বাহাদুরপুর তুলসীভিটা এলাকার মাহাদী সুপার মার্কেটের বর্তমান মালিক মর্জিনা আক্তারের কাছ থেকে তিনটি দোকান ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে ব্যবসা পরিচালনা করছিলেন শারীরিক প্রতিবন্ধী শাহাদাত হোসেন। এর মধ্যে ২১ নম্বর দোকানে তিনি মুদি ও মনোহারী পণ্যের পাশাপাশি মোবাইল ব্যাংকিং, ফ্লেক্সিলোড এবং বিভিন্ন মোবাইল অপারেটরের মিনিট ও ডাটা কার্ড বিক্রির ব্যবসা পরিচালনা করতেন। তার দাবি, দোকানটির ভাড়ার চুক্তির মেয়াদ আগামী ৩১ অক্টোবর ২০২৭ পর্যন্ত রয়েছে। অভিযোগে বলা হয়, গত ২৮ জুন মার্কেট মালিক তাকে দোকান ছেড়ে দেওয়ার জন্য চাপ দেন। পরে বিষয়টি নিয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে ৩০ জুন একটি সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে জামানতের টাকা ও অন্যান্য পাওনা পরিশোধের সিদ্ধান্ত হলেও তা বাস্তবায়ন হয়নি বলে দাবি করেন ভুক্তভোগী। শাহাদাত হোসেনের অভিযোগ, গত ৩ জুলাই সন্ধ্যায় তার অনুপস্থিতিতে দোকানের চারটি শাটারের তালা ভেঙে নগদ ২ লাখ ৭ হাজার টাকা, বিভিন্ন কোম্পানির মিনিট ও এমবি কার্ড, কফি মেশিন, সিসিটিভি সরঞ্জাম, ফ্রিজ, কোমল পানীয়, কসমেটিকসসহ প্রায় ১০ লাখ ৮৪ হাজার ৫৭৭ টাকা মূল্যের মালামাল একটি পিকআপে তুলে নিয়ে যাওয়া হয়। পরে দোকানটি অন্য একজনের কাছে ভাড়া দেওয়া হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় মার্কেট মালিক মর্জিনা আক্তার, শাকিল নামে এক ব্যক্তি এবং অজ্ঞাতনামা আরও ২-৩ জনকে অভিযুক্ত করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সদর মেট্রো থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন শাহাদাত হোসেন। তবে অভিযোগ অস্বীকার করে মার্কেট মালিক মর্জিনা আক্তার বলেন, গত আট মাস ধরে আমি তাকে দোকানঘরটি ছেড়ে দিতে বলছিলাম, কিন্তু তিনি তা করেননি। পরে থানা পুলিশের সহযোগিতায় দোকানটি খালি করা হয় এবং তার মালামাল অন্য একটি ঘরে সংরক্ষণ করা হয়েছে। এরপর দোকানটি নতুন করে ভাড়া দেওয়া হয়েছে। তিনি এসে তার মালামাল এবং যদি কোনো পাওনা থাকে, তা বুঝে নিয়ে যেতে পারেন। এ বিষয়ে সদর মেট্রো (জিএমপি) থানার পুলিশ পরিদর্শক (এস আই) আবুল হাসান বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *