মহাখালীর সাততলা বস্তিতে ফায়ার সার্ভিসের অগ্নিনিরাপত্তা মহড়া ও গণসংযোগ

মহাখালীর সাততলা বস্তিতে ফায়ার সার্ভিসের অগ্নিনিরাপত্তা মহড়া ও গণসংযোগ

Nov 14, 2026

ঢাকা প্রতিনিধিঃ

রাজধানীর মহাখালীস্থ সাততলা বস্তিতে অগ্নিনিরাপত্তা বিষয়ক সচেতনতামূলক প্রশিক্ষণ মহড়া ও গণসংযোগ পরিচালনা করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালকের নির্দেশনায় আজ শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ৮টায় সংসদীয় আসন ঢাকা-১৭ এলাকাধীন এই বস্তিতে মহড়ার কার্যক্রম শুরু হয়। মহড়ার শুরুতে বস্তিবাসীদের অগ্নিপ্রতিরোধ ও দুর্ঘটনার প্রাথমিক পর্যায়ে করণীয় সম্পর্কে ধারণা দেওয়া হয়। এ সময় ফায়ার এক্সটিংগুইসার ব্যবহারের নিয়ম এবং হাতের কাছে অগ্নিনির্বাপণ যন্ত্র না থাকলে ভেজা মোটা কাপড় বা চটের বস্তা দিয়ে আগুন নেভানোর কৌশল হাতে-কলমে শেখানো হয়। পাশাপাশি গ্যাস সিলিন্ডারে লাগা আগুন নির্বাপণের বিশেষ কৌশল প্রদর্শন ও অনুশীলন করানো হয়। পরবর্তী ধাপে ফায়ার সার্ভিস কর্মীদের সঙ্গে স্থানীয় বাসিন্দা ও স্বেচ্ছাসেবকদের সক্রিয় অংশগ্রহণে অগ্নিনির্বাপণ, উদ্ধারকাজ ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক একটি যৌথ মহড়া অনুষ্ঠিত হয়। এই কার্যক্রমে বারিধারা, তেজগাঁও ও কুর্মিটোলা ফায়ার স্টেশনের কর্মীরা অংশ নেন। মহড়া শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের উপপরিচালক মোঃ ছালেহ উদ্দিন, বিএফএম (বার), ২০ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি শরীফ ভূঁইয়া এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ফজলু মিয়া। অনুষ্ঠান শেষে ফায়ার সার্ভিসের কর্মকর্তা-কর্মচারীরা বস্তির বিভিন্ন স্থাপনা ও এলাকা পরিদর্শন করে স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের মধ্যে সচেতনতামূলক গণসংযোগ চালান। এ সময় যেকোনো জরুরি প্রয়োজনে দ্রুত সহায়তা পেতে ফায়ার সার্ভিসের হটলাইন নম্বর ১০২ সম্পর্কে সকলকে অবহিত করা হয় এবং বিভিন্ন স্থানে হটলাইন নম্বর সংবলিত স্টিকার লাগানো হয়। কর্মসূচিতে অন্যান্যের মধ্যে ঢাকার সহকারী পরিচালক কাজী নজমুজ্জামান, জোন কমান্ডার ফয়সলুর রহমান ও মোঃ আব্দুল মন্নানসহ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *