শ্রীপুরে নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে পৌর বিএনপির মিছিল

শ্রীপুরে নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে পৌর বিএনপির মিছিল

Sep 25, 2026

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিঃ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য, হামলা, ভাঙচুর ও জ্বালাও-পোড়াওয়ের প্রতিবাদে গাজীপুরের শ্রীপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শ্রীপুর পৌর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে শ্রীপুর পৌর এলাকার কেওয়া বাজার থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে গুরুত্বপূর্ণ এলাকায় অবস্থান নেয়। এ সময় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন এবং নৈরাজ্য ও সহিংসতার প্রতিবাদ জানান। মিছিলে নেতৃত্ব দেন শ্রীপুর পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মো. হুমায়ুন কবির সরকার, সদস্যসচিব আলহাজ্ব মো. বিল্লাল হোসেন বেপারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আনোয়ার হোসেন বেপারী ও যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আহসান কবির। এ ছাড়া পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শরীফ মোহাম্মদ সিদ্দিকী, সাইফুল হক মোল্লা, বিল্লাল হোসেন, রেজাউল করিম খোকন, মনসুর আহমেদ, আলমগীর হোসেন,আফাজ উদ্দিন মন্ডল, নইমুদ্দিন ফকির, মাহমুদুল হোসেন আলাল, আশরাফ আলী নিজাম, এস এম জসিমসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিলে অংশ নেন। এ সময় পৌর যুবদলের সেলিম আহমেদ, পৌর শ্রমিক দলের সভাপতি মিজান মন্ডল, সাধারণ সম্পাদক এনামুল হক খোকন, পৌর ছাত্রদলের সদস্যসচিব আজিজুল হক রাজন, যুগ্ম আহ্বায়ক মাসুদুর রহমান মাসুদ ও মুফাচ্ছেল ফকিরসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মো. হুমায়ুন কবির সরকার বলেন, রাজনৈতিক কর্মসূচির নামে কোনো ধরনের সহিংসতা, হামলা, ভাঙচুর ও জননিরাপত্তা বিঘ্নিত করার কর্মকাণ্ড গ্রহণযোগ্য নয়। তিনি নেতাকর্মীদের শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। পৌর বিএনপির সদস্যসচিব আলহাজ্ব মো. বিল্লাল হোসেন বেপারী বলেন, দেশের রাজনৈতিক স্থিতিশীলতা নষ্ট হয়—এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। একই সঙ্গে সাধারণ মানুষের জানমাল ও ব্যবসা-বাণিজ্যের নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার আহ্বান জানান তিনি। সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আনোয়ার হোসেন বেপারী বলেন, কোনো রাজনৈতিক কর্মসূচির নামে নৈরাজ্য সৃষ্টি বা জনদুর্ভোগ তৈরি না করে গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ উপায়ে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করা প্রয়োজন। তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে পরিস্থিতি নিয়ন্ত্রণে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান। যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আহসান কবির বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও জনগণের নিরাপত্তা ও রাষ্ট্রীয় সম্পদের সুরক্ষা নিশ্চিত করা সবার দায়িত্ব। তিনি নেতাকর্মীদের যেকোনো ধরনের উসকানি ও সহিংসতা এড়িয়ে শান্তিপূর্ণ কর্মসূচি পালনের আহ্বান জানান। সমাবেশে বক্তারা আরও বলেন, দেশের রাজনৈতিক পরিস্থিতিতে কোনো পক্ষ যাতে সহিংসতা বা নৈরাজ্যের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে। পাশাপাশি আইন নিজের হাতে না তুলে নিয়ে যেকোনো অভিযোগ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে তুলে দেওয়ার আহ্বান জানানো হয়। উল্লেখ্য, গত কয়েক দিন ধরেই গাজীপুরের শ্রীপুরের বিভিন্ন এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপি ও অঙ্গসংগঠনের পক্ষ থেকে পৃথক বিক্ষোভ কর্মসূচি পালিত হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *