ঢাকা-১৫ আসনে জামায়াত আমির শফিকুর রহমান বিজয়ী
অফিস ডেস্ক :
ঢাকা-১৫ সংসদীয় আসনে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বিজয়ী হয়েছেন। দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি মোট ৮৫ হাজার ১৩১ ভোট পেয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের প্রার্থী শফিকুল ইসলাম খান মিল্টন পেয়েছেন ৬৩ হাজার ৫১৭ ভোট। ফলে ভোটের ব্যবধানে তিনি প্রতিদ্বন্দ্বীর চেয়ে ২১ হাজার ৬১৪ ভোটে এগিয়ে থেকে জয় নিশ্চিত করেন।
বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে ঢাকা-১৫ আসনের ফলাফল ঘোষণায় বিলম্ব নিয়ে জামায়াতে ইসলামী কারসাজির অভিযোগ তোলে। ঢাকার অন্যান্য আসনের ফলাফল নির্বাচন কমিশনে পৌঁছালেও এই আসনের ফল দীর্ঘ সময় আটকে থাকার অভিযোগ করা হয়। পরে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করা হয়।
নির্বাচনে এই আসনে মোট ভোট পড়েছে ৪৪ শতাংশ। কাফরুল ও মিরপুরের আংশিক এলাকা নিয়ে গঠিত ঢাকা-১৫ আসনে এবারে মোট ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
এ আসনের মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৫১ হাজার ৭১৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭৯ হাজার ৬১৬ জন, নারী ভোটার ১ লাখ ৭২ হাজার ৯৮ জন এবং হিজড়া ভোটার রয়েছেন চারজন।