নওগাঁর মহাদেবপুরে খালের দুই পাড়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নওগাঁর মহাদেবপুরে খালের দুই পাড়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

Jul 1, 2026

 

নওগাঁ জেলা প্রতিনিধিঃ

পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজায়নের লক্ষ্যে নওগাঁর মহাদেবপুর উপজেলার রাইগাঁ ইউনিয়নে ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বুধবার রাইগাঁ ইউনিয়নের নারায়ণপুর ব্রিজ থেকে কুড়াইল গ্রাম পর্যন্ত খালের দুই পাড়ে বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, একটি গাছ শুধু পরিবেশকে সবুজ করে না, বরং ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। খালের দুই পাড়ে এ বৃক্ষরোপণ কর্মসূচি একদিকে যেমন পরিবেশ সংরক্ষণে সহায়ক হবে, তেমনি মাটির ক্ষয়রোধ, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং এলাকার প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধিতেও ইতিবাচক ভূমিকা রাখবে। অনুষ্ঠানের প্রধান অতিথি সংসদ সদস্য ফজলে হুদা বাবুল বলেন, পরিবেশ রক্ষায় সবাইকে নিজ নিজ অবস্থান থেকে গাছ লাগাতে হবে এবং রোপণের পাশাপাশি গাছের পরিচর্যাতেও সমান গুরুত্ব দিতে হবে। সরকারের সবুজ বাংলাদেশ গড়ার উদ্যোগ বাস্তবায়নে এ ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *