মুন্সীগঞ্জ আদালতের মালখানা ইনচার্জের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবি

নিজস্ব প্রতিবেদকঃ
মুন্সীগঞ্জ জেলা আদালতের মালখানা ইনচার্জ হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালনকারী এক পুলিশ সদস্যের বিরুদ্ধে সরকারি মালামাল আত্মসাৎ, আলামত ব্যবস্থাপনায় অনিয়মসহ নানা অভিযোগ এনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবের নিকট একটি লিখিত আবেদন জমা দেওয়া হয়েছে।
আবেদনকারী এসআই (নিরস্ত্র) মো. হুমায়ুন কবির দাবি করেছেন, সংশ্লিষ্ট কর্মকর্তা ২০১৮ সাল থেকে একই পদে কর্মরত থেকে আদালতের মালখানার বিভিন্ন আলামত ও সরকারি সম্পদ ব্যবস্থাপনায় গুরুতর অনিয়ম করেছেন। আবেদনে সরকারি সম্পদের সম্ভাব্য আর্থিক ক্ষতির পরিমাণ প্রায় দেড় কোটি টাকা বলে উল্লেখ করা হয়েছে।
লিখিত আবেদনে আরও অভিযোগ করা হয়, আদালতের মালখানায় সংরক্ষিত বিভিন্ন আলামত বিক্রি, বিনষ্ট বা অপসারণে নিয়ম লঙ্ঘন করা হয়েছে এবং কিছু ঘটনায় দায়িত্বশীল কর্মকর্তাদের ভূমিকা তদন্তের দাবি রাখে।
এ বিষয়ে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে অভিযোগের সত্যতা যাচাই এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আবেদন জানানো হয়েছে। আবেদনের অনুলিপি বাংলাদেশ পুলিশের আইজিপি ও ডিআইজির কাছেও পাঠানো হয়েছে।
তবে অভিযুক্ত কর্মকর্তার বক্তব্য আবেদনপত্রে উল্লেখ নেই। অভিযোগের বিষয়ে তাঁর বক্তব্য জানা গেলে তা সংযুক্ত করা হবে। এছাড়া সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষও এ বিষয়ে আনুষ্ঠানিক কোন মন্তব্য দেয়নি।