গাজীপুরে ডিবির অভিযানে ১ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
গাজীপুর প্রতিনিধি:
গাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব থানার এরশাদনগর এলাকায় অভিযান চালিয়ে ১ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
এজাহার সূত্রে জানা যায়, গত ১৫ জুন রাতে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল এরশাদনগর এলাকার ১৭ নম্বর ব্লকের একটি গলিতে অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন কয়েকজন ব্যক্তিকে আটক করে তল্লাশি চালানো হয়।
তল্লাশিকালে গ্রেপ্তারকৃত আবু হানিফ ইসলাম ওরফে সজিব (২৬)-এর কাছ থেকে ৭০০ গ্রাম এবং শফিকুল ইসলাম (৩০)-এর কাছ থেকে ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মোট ১ কেজি গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ২০ হাজার টাকা বলে পুলিশ জানায়।
পুলিশের দাবি, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে পলাতক সহযোগীদের সঙ্গে মিলে টঙ্গী পূর্ব থানা এলাকাসহ আশপাশের বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
এ ঘটনায় জড়িত অন্যান্য পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। উদ্ধারকৃত আলামত ও গ্রেপ্তারকৃতদের মহানগর গোয়েন্দা পুলিশের হেফাজতে রাখা হয়েছে।