মহাসড়ক দখল উচ্ছেদ জরুরি: টেকনাফে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি ও যানজট
অফিস ডেস্ক :
মহাসড়ক আইন, ২০২১-এর ধারা ০২ অনুযায়ী মহাসড়কের উভয় পাশের মুভিং প্রান্তসীমা (ROW) থেকে ১০ (দশ) মিটার বা প্রায় ৩৩ ফুটের মধ্যে যেকোনো ধরনের স্থাপনা নির্মাণ ও দখল দণ্ডনীয় অপরাধ। আইন থাকলেও টেকনাফ উপজেলার বিভিন্ন এলাকায় মহাসড়কের ওপর ও পাশে অবৈধভাবে দোকানপাট, স্থাপনা ও সামগ্রী রেখে দখল করে রাখা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, এসব অবৈধ দখলের কারণে সড়কের কার্যকর প্রস্থ কমে যাচ্ছে, ফলে যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে। এতে একদিকে বাড়ছে যানজট, অন্যদিকে যেকোনো মুহূর্তে ভয়াবহ সড়ক দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়েছে। বিশেষ করে ব্যস্ত সময়গুলোতে পণ্য ওঠানামা ও স্থাপনা ঘেঁষে পার্কিংয়ের কারণে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে।
সচেতন মহল মনে করছেন, আইন বাস্তবায়নে দ্রুত ও সমন্বিত উচ্ছেদ অভিযান পরিচালনা করা জরুরি। একই সঙ্গে নিয়মিত নজরদারি না থাকায় উচ্ছেদের পরও পুনরায় দখল ফিরে আসার ঝুঁকি থাকে—এ বিষয়েও কার্যকর ব্যবস্থা প্রয়োজন।
এ প্রসঙ্গে স্থানীয় সাংবাদিকরা বলেন, জনস্বার্থে মহাসড়ক দখলমুক্ত রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুর্ঘটনা ও যানজট নিরসনে সরকারের পাশাপাশি গণমাধ্যমের ভূমিকা অপরিহার্য। তারা অবৈধ দখল চিহ্নিতকরণ, জনসচেতনতা বৃদ্ধি এবং দায়িত্বশীলদের জবাবদিহি নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে।
এলাকাবাসীর প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নিয়ে মহাসড়ক আইন অনুযায়ী অবৈধ স্থাপনা উচ্ছেদ করবে এবং সড়ককে নিরাপদ ও যানজটমুক্ত রাখতে স্থায়ী সমাধান গ্রহণ করবে।