নড়াইলে দু’পক্ষের সংঘর্ষে ৫ জন নিহত
অফিস ডেস্ক :
নড়াইল জেলার সদর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে বাবা-ছেলেসহ মোট ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৭–৮ জন।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে বড়কুলা গ্রাম এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সদর উপজেলার সিংগোশোলপুর ইউনিয়ন-এর সাবেক দুই ইউপি চেয়ারম্যান খায়ের মোল্যা গ্রুপ ও উজ্জ্বল শেখ গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। এর জেরে ভোরে উভয় পক্ষের মধ্যে দেশীয় অস্ত্র নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ শুরু হয়।
নিহতরা হলেন উজ্জ্বল শেখ গ্রুপের রহমান খলিল, তার ছেলে তাহাজ্জুদ হোসেন, ফেরদৌস হোসেন ও তার ছেলে মুন্না শেখ। অপরদিকে খায়ের মোল্যা গ্রুপের ওসিবুর মিয়াও নিহত হয়েছেন।
গুরুতর আহতদের উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক ওসিবুর মিয়াকে মৃত ঘোষণা করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় মুন্না শেখের মৃত্যু হয়।
নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওলি মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।