জয়নারায়ণপুরে সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিকদের ওপর হামলা মোবাইল ও সরঞ্জাম ছিনতাই; মামলা প্রক্রিয়াধীন
অফিস ডেস্ক :
গাজীপুরের শ্রীপুর উপজেলার জয়নারায়ণপুর গ্রামে জমি সংক্রান্ত বিরোধের বিষয়ে সংবাদ সংগ্রহ করতে গিয়ে একদল সাংবাদিক সশস্ত্র হামলার শিকার হয়েছেন। এ ঘটনায় এক সাংবাদিক গুরুতর আহত হন এবং তার ব্যবহৃত মোবাইল ফোন ও ওয়ারলেস মাইক্রোফোন সেট ছিনিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, রাজাবাড়ি ইউনিয়নের ইউপি সদস্য আব্দুর রব মেম্বারের ছেলে মোহাম্মদ জাহিদ লাঠিসহ মুখে কালো কাপড় বাঁধা অবস্থায় ঘটনাস্থলে উপস্থিত হন। তার সঙ্গে আরও দুই থেকে তিনজন সহযোগী ছিলেন। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, জাহিদ ও তার সহযোগীরা সাংবাদিকদের লক্ষ্য করে এলোপাতাড়ি মারধর শুরু করেন।
হামলায় দৈনিক নয়া দিগন্ত-এর গাজীপুর জেলা প্রতিনিধি মুজাহিদ গুরুতরভাবে আহত হন। একপর্যায়ে তার ব্যবহৃত স্যামসাং এস২০ আল্ট্রা মোবাইল ফোন এবং একটি ডিজিআই ওয়ারলেস মাইক্রোফোন সেট ছিনিয়ে নেওয়া হয়। এ সময় ঘটনাস্থলে উপস্থিত অন্যান্য সাংবাদিকদেরও ধাক্কাধাক্কি ও লাথি মেরে হেনস্তা করা হয়।
সাংবাদিকরা জানান, তারা জয়নারায়ণপুর গ্রামের বাসিন্দা রাবিয়া নামের এক নারীর জমি সংক্রান্ত অভিযোগের বিষয়ে তথ্য সংগ্রহে যান। রাবিয়া প্রথমে সাংবাদিকদের পরিচয়পত্র দেখতে চাইলে তারা নিজেদের পরিচয়পত্র প্রদর্শন করেন এবং উভয় পক্ষের বক্তব্য নিয়ে নিরপেক্ষ সংবাদ প্রকাশের আশ্বাস দেন। অভিযোগ করা হয়, এর কিছুক্ষণ পরই বিভিন্ন ব্যক্তিকে ফোন করে ঘটনাস্থলে ডেকে এনে সাংবাদিকদের ওপর হামলা চালানো হয়।
ঘটনার পর শ্রীপুর থানা-য় যোগাযোগ করা হলে ডিউটি অফিসারের মাধ্যমে এসআই জহির ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং প্রাথমিক তদন্ত শুরু করেন। তবে হামলায় ছিনিয়ে নেওয়া মোবাইল ফোন ও সরঞ্জাম এখনো উদ্ধার করা সম্ভব হয়নি।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ঘটনার বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ঘটনায় সাংবাদিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বিভিন্ন সাংবাদিক সংগঠন ও পেশাজীবীরা দোষীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।