সচিবের নাম ভাঙিয়ে বিটিসিএলে ৮৩ লাখ টাকা আত্মসাৎ অভিযুক্ত সিন্ডিকেট এখনো ধরাছোঁয়ার বাইরে

অফিস ডেস্ক :
বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড (বিটিসিএল)-এর কয়েক হাজার সাধারণ কর্মচারীর সরলতার সুযোগ নিয়ে ভয়াবহ আর্থিক কেলেঙ্কারির অভিযোগ উঠেছে। স্থায়ী পদের কর্মচারীদের ‘আনুতোষিক’ সুবিধা পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে টেলিযোগাযোগ ও অর্থ মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তাদের নাম ভাঙিয়ে প্রায় ৮৩ লাখ টাকা আত্মসাৎ করেছে একটি সংঘবদ্ধ সিন্ডিকেট।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিটিসিএলের ওয়ার্কচার্জড কর্মচারীদের আনুতোষিক প্রাপ্যতা নিয়ে দীর্ঘদিনের প্রশাসনিক জটিলতা নিরসনের লক্ষ্যে কর্তৃপক্ষ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে মতামত চেয়েছিল। এই প্রক্রিয়াকে পুঁজি করে বিটিসিএলের প্রভাবশালী কর্মচারী নেতা ভিপি হানিফ ও উপ-সহকারী প্রকৌশলী আহমেদ ফজলে রাব্বি মাঠে সক্রিয় হন। তারা সাধারণ কর্মচারীদের আশ্বস্ত করেন—ডাক ও টেলিযোগাযোগ সচিব এবং অর্থ মন্ত্রণালয়ের সচিবকে মোটা অঙ্কের ‘ঘুষ’ দিলে আনুতোষিকের সিদ্ধান্ত তাদের পক্ষে আসবে।
২,৩৮৫ কর্মচারীর কাছ থেকে টাকা আদায়
অনুসন্ধানে উঠে এসেছে, বিটিসিএলের মোট ২,৩৮৫ জন ওয়ার্কচার্জড কর্মচারীর কাছ থেকে জনপ্রতি ৩,৫০০ টাকা করে আদায় করা হয়। এতে মোট সংগ্রহের পরিমাণ দাঁড়ায় ৮৩ লাখ ৪৭ হাজার ৫০০ টাকা।
অভিযোগ অনুযায়ী, ভিপি হানিফ ও আহমেদ ফজলে রাব্বির নেতৃত্বে মাঠ পর্যায়ে টাকা সংগ্রহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন কথিত ক্যাশিয়ার ও কর্মচারীরা— মিজান, মোর্শেদ আলম মুন্সি, আঃ আজিজ, সাইফুল ইসলাম নয়ন, শফিউল্লাহ ও গিয়াস উদ্দিন। ধাপে ধাপে এই অর্থ কেন্দ্রীয় চক্রের হাতে পৌঁছে দেওয়া হয়।
মন্ত্রণালয়ের নেতিবাচক সিদ্ধান্তের পরও আদায়
উল্লেখযোগ্য বিষয় হলো, গত ১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে জনপ্রশাসন মন্ত্রণালয়-এর বিধি-৪ শাখার এক দাপ্তরিক আদেশে স্পষ্টভাবে জানানো হয়—নির্দিষ্ট শর্তে ওয়ার্কচার্জড হিসেবে নিয়োগপ্রাপ্ত এসব কর্মচারী আনুতোষিক সুবিধা পাওয়ার যোগ্য নন।
এরপরও টাকা আদায় অব্যাহত ছিল বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।
বিটিসিএলের বক্তব্য
বিটিসিএল সূত্র জানায়, আনুতোষিক প্রাপ্তির বিষয়টি সম্পূর্ণ প্রশাসনিক ও আইনগত প্রক্রিয়ার আওতাধীন। এখানে কোনো সচিব বা কর্মকর্তাকে ঘুষ দিয়ে সিদ্ধান্ত পরিবর্তনের সুযোগ নেই। কেউ ব্যক্তিগতভাবে টাকা সংগ্রহ করলে তার দায় কোম্পানি নেবে না। অভিযোগের সত্যতা মিললে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।
কর্মচারীদের ক্ষোভ
বিটিসিএল তেজগাঁও ক্যাম্পের কর্মচারী মোক্তার ক্ষোভ প্রকাশ করে বলেন,
“এরা টাকা তুলে খেয়ে ফেলেছে। এরা সবাই চাঁদাবাজ। টাকা ফেরতের জন্য আমাদের ঐক্যবদ্ধ হতে হবে।”
ক্যান্টনমেন্ট ক্যাম্পের কর্মচারী নাজিম ও আব্দুল হক জানান, তারা মিজানের মাধ্যমে টাকা দিয়েছিলেন, কিন্তু এখনো ফেরত পাননি। প্রধান কার্যালয়ের গাড়িচালক রহিম বলেন, টাকা লেনদেনের ঘটনায় ইতোমধ্যে অভিযুক্ত কয়েকজনকে কর্মচারীরা অবাঞ্ছিত ঘোষণা করেছেন।
দুদকের হস্তক্ষেপ চায় ভুক্তভোগীরা
ভুক্তভোগী কর্মচারীদের প্রশ্ন—
“যেখানে মন্ত্রণালয় স্পষ্ট করে বলেছে টাকা দিয়ে সিদ্ধান্ত বদলানো সম্ভব নয়, সেখানে সচিবের নাম ভাঙিয়ে আদায় করা এই কোটি টাকার কাছাকাছি অর্থ গেল কার পকেটে?”
এ ঘটনায় তারা দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন।
অভিযুক্তদের বক্তব্য
অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত মিজান ঘুষ নেওয়ার কথা অস্বীকার করে দায় অন্যদের ওপর চাপান। ভিপি হানিফের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
তবে উপ-সহকারী প্রকৌশলী আহমেদ ফজলে রাব্বি ঘটনার সত্যতা আংশিক স্বীকার করে বলেন, আনুতোষিক ইস্যুতে ভুল বোঝাবুঝি ও বাকবিতণ্ডা হয়েছে, তিনি নেতা হিসেবে ক্ষমা চেয়ে বিষয়টি সমাধানের চেষ্টা করছেন।
এ বিষয়ে বিটিসিএলের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর রতন কুমার হালদার-এর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।