ঢাকায় বিক্ষোভের ডাক জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের

ঢাকায় বিক্ষোভের ডাক জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের

অফিস ডেস্ক :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অনিয়ম, কারচুপি ও নির্বাচন-পরবর্তী সহিংসতার অভিযোগ তুলে ঢাকায় বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট।
রোববার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে বাংলাদেশ নির্বাচন কমিশন-এর প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন-এর সঙ্গে বৈঠক শেষে এ কর্মসূচির ঘোষণা দেন জোটের নেতারা। নির্বাচনে অনিয়ম ও সহিংসতার অভিযোগ জানাতে তারা এদিন নির্বাচন কমিশন ভবনে উপস্থিত হন।
বেলা ১২টার দিকে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ ও এহসানুল মাহবুব জুবায়েরের নেতৃত্বে কমিশনের সঙ্গে বৈঠক হয়। বৈঠক শেষে হামিদুর রহমান আযাদ সাংবাদিকদের বলেন, নির্বাচনের পর ১১ দলীয় জোটের নেতাকর্মীদের বাড়িঘরে হামলার ঘটনা ঘটছে—এ বিষয়টি কমিশনকে অবহিত করা হয়েছে। এসব হামলার প্রতিবাদে সোমবার ঢাকার বায়তুল মোকাররম থেকে বিক্ষোভ মিছিল বের করা হবে।
তিনি আরও অভিযোগ করেন, কালো টাকার ব্যবহারসহ ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ করা হয়েছে। কোথাও কর্তব্যরত কর্মকর্তারা নিজেরাই সিল মেরেছেন, কোথাও ভোটগ্রহণে বাধা ও ভীতি প্রদর্শন করা হয়েছে—ফলে ভোট কাস্টিং কমেছে। কমিশনকে বারবার জানানো হলেও সন্তোষজনক পদক্ষেপ দেখা যায়নি বলে দাবি করেন তিনি।
এ ছাড়া কিছু কেন্দ্রে অস্বাভাবিক ভোট কাস্টিং, অতিরিক্ত ব্যালট ব্যবহারের অভিযোগ, ভোটগণনার সময় এজেন্টদের বের করে দেওয়া এবং ফলাফল শিটে কারসাজির অভিযোগও তোলেন তিনি। তার ভাষ্য অনুযায়ী, ঢাকা-৬ আসনে এজেন্ট পরিবর্তনের ঘটনাও ঘটেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *