নির্বাচন ও গণভোটে পুলিশের জন্য কঠোর আচরণবিধি জারি

নির্বাচন ও গণভোটে পুলিশের জন্য কঠোর আচরণবিধি জারি

ডেস্ক রিপোর্ট

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে পুলিশ সদর দপ্তর কঠোর আচরণবিধি জারি করেছে। ভোটকেন্দ্রে দায়িত্ব পালনকালে কোনো ধরনের পক্ষপাতমূলক আচরণ থেকে বিরত থাকতে পুলিশ সদস্যদের নির্দেশ দেওয়া হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, পুলিশ সদস্যরা কোনো রাজনৈতিক দল, প্রার্থী বা তাদের সমর্থকের প্রতি পক্ষপাত দেখাতে পারবেন না। ব্যক্তিগত রাজনৈতিক মতামত প্রকাশ, সামাজিক যোগাযোগমাধ্যমে রাজনৈতিক পোস্ট বা মন্তব্য করাও সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকা সাপেক্ষে বলপ্রয়োগ বা লাঠিচার্জ করা যাবে না। কোনো প্রার্থী, এজেন্ট বা সমর্থকের কাছ থেকে খাবার, উপহার কিংবা অন্য কোনো সুবিধা গ্রহণ নিষিদ্ধ। প্রার্থীর সঙ্গে ছবি তোলা বা ঘনিষ্ঠ আলাপচারিতাকেও অপেশাদার আচরণ হিসেবে উল্লেখ করা হয়েছে।

এছাড়া ভোটকেন্দ্রে দায়িত্ব পালনকালে ফুটপাত বা দোকানে বসে খাবার খাওয়া কিংবা জনসমাগমস্থলে নাস্তা গ্রহণ থেকেও বিরত থাকতে বলা হয়েছে। প্রিসাইডিং কর্মকর্তার অনুমতি ছাড়া ভোটকক্ষে প্রবেশ করা যাবে না এবং কোনো ভোটারকে কোনো প্রার্থীর পক্ষে প্রভাবিত করা যাবে না।

দায়িত্ব পালনের সময় মোবাইল ফোন ব্যবহার ও সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় থাকাও নিষিদ্ধ করা হয়েছে। ব্যক্তিগত আলাপচারিতা, সংবেদনশীল ভোট সংক্রান্ত তথ্য, ছবি বা ভিডিও কারও কাছে পাঠানো যাবে না।

নির্দেশনায় আরও বলা হয়েছে, ভোটার বা কর্মকর্তাদের কাজে অযথা হস্তক্ষেপ, গালিগালাজ, হুমকি বা অবমাননাকর আচরণ করা যাবে না। একত্রে উদ্দেশ্যহীন ঘোরাঘুরি বা ব্যক্তিগত আলাপে লিপ্ত হওয়াও নিষিদ্ধ। একই সঙ্গে ভোটের ফলাফল বা সম্ভাব্য বিজয়ী সম্পর্কে কোনো ধরনের পূর্বানুমান করতেও নিষেধ করা হয়েছে।

এই আচরণবিধি অমান্য করলে সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের বিরুদ্ধে কঠোর বিভাগীয় ও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *