বাহুবলে টমটমচালক হত্যা: প্রধান আসামি গ্রেপ্তার, ব্যবহৃত সিএনজি উদ্ধার

বাহুবলে টমটমচালক হত্যা: প্রধান আসামি গ্রেপ্তার, ব্যবহৃত সিএনজি উদ্ধার

হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জের বাহুবলে টমটমচালক কাশেম হত্যাকাণ্ডের প্রধান আসামি এমরান মিয়া (৩০)কে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (পিবিআই)। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত সিএনজি গাড়িটিও উদ্ধার করা হয়েছে।
পিবিআই সূত্র জানায়, বাহুবল থানায় দায়ের করা হত্যা মামলার (মামলা নং–০৬, জিআর নং–১০৫; ধারা ৩০২/৩৪ পেনাল কোড) তদন্তের দায়িত্ব ২০২৫ সালের ১০ আগস্ট থেকে পিবিআই হবিগঞ্জ গ্রহণ করে।
এরই ধারাবাহিকতায় গতকাল সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে হবিগঞ্জ সদর উপজেলার দুলিয়াখাল পয়েন্ট এলাকায় অভিযান চালিয়ে দীর্ঘদিন পলাতক থাকা এমরান মিয়াকে গ্রেপ্তার করা হয়। তিনি বাহুবল উপজেলার লামাতাসি গ্রামের দরবেশ আলীর ছেলে।
অভিযানে নেতৃত্ব দেন মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক সুজন চন্দ্র পাল। অভিযানে আরও অংশ নেন এসআই মাহমুদ, এএসআই মীর শাহিন এবং কনস্টেবল-ড্রাইভার আজিম মোল্লা। অভিযানের সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত সিএনজি গাড়িটিও উদ্ধার করা হয়।
পিবিআই জানায়, গ্রেপ্তারকৃত এমরান মিয়া দীর্ঘদিন ধরে সিলেটসহ বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন। এর আগে মামলার আরেক আসামি ফারুককে গ্রেপ্তার করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। তদন্তে উঠে এসেছে, কাশেম হত্যার মূল পরিকল্পনাকারী ছিলেন এমরান মিয়া।
পিবিআই আরও জানায়, তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামির বিরুদ্ধে পর্যাপ্ত তথ্য-প্রমাণ সংগ্রহ করা হয়েছে এবং মামলার আইনি প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।
দীর্ঘদিন পর মামলার প্রধান আসামি গ্রেপ্তারের খবরে নিহত কাশেমের পরিবার স্বস্তি প্রকাশ করেছে। তারা জানান, পিবিআইয়ের এই সফল অভিযানের মাধ্যমে তারা ন্যায়বিচারের আশা দেখছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *