আশুলিয়ায় তিনতলা ভবনের ফ্ল্যাট থেকে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

আশুলিয়ায় তিনতলা ভবনের ফ্ল্যাট থেকে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

 আশুলিয়া প্রতিনিধি:
আশুলিয়ার গাজীরচট এলাকার রশিদ মার্কেট সংলগ্ন মুন্সিপাড়ায় একটি তিনতলা ভবনের তৃতীয় তলার ফ্ল্যাট থেকে মোছাঃ ইলমা আক্তার (২৪) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে আশুলিয়া থানা পুলিশ।
নিহত ইলমা আক্তার টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার টেংরি গ্রামের মৃত ইসমাইলের কন্যা। প্রায় ১০ বছর আগে তার বিয়ে হয় টাঙ্গাইল জেলার মধুপুর থানার আশরা গ্রামের মোঃ আলতাবের ছেলে হান্নানের সঙ্গে। তাদের সংসারে মোছাঃ হাফসা (৪) নামের একটি কন্যাসন্তান রয়েছে।
নিহতের দেবর মোঃ আব্দুল মান্নান জানান, ভাই-ভাবির দাম্পত্য জীবনে কখনো বড় ধরনের কলহ ছিল না। তবে গত ১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে টিকটকের একটি বিজ্ঞাপনের প্রভাবে অনলাইনে আয় করার উদ্দেশ্যে প্রবেশ করে প্রতারকের ফাঁদে পড়েন ইলমা আক্তার। এতে ৫০০ টাকা হারানোর পর স্বামী-স্ত্রীর মধ্যে তীব্র বাকবিতণ্ডা শুরু হয়।
তিনি আরও বলেন, ঘটনার দিন ৩ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর আনুমানিক ১২টার দিকে এই দ্বন্দ্বের জেরে ভাই নাকি ভাবির গালে চড় দেন। এরপর আমি গার্মেন্টসে কাজে চলে যাই। দুপুর ২টা ৩০ মিনিটের দিকে খাবার খেয়ে কাজে যোগ দিই। বিকেল আনুমানিক ৪টার দিকে ফোনে খবর পাই যে আমার ভাবি গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন। পরে ঘটনাস্থলে এসে বিষয়টি নিশ্চিত হই।
খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আফজাল ঘটনাস্থলে পৌঁছে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করে থানায় নিয়ে যান।
এ বিষয়ে আশুলিয়া থানা পুলিশের কাছে জানতে চাইলে তারা সাংবাদিকদের সঙ্গে কোনো মন্তব্য করতে রাজি হননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *