ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করলেন বিচারপতি মামনুন রহমান

দীর্ঘদিন বিচারিক কার্যক্রমের বাইরে থাকা সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মামনুন রহমান পদত্যাগ করেছেন। ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র পাঠান।
সোমবার (২ ফেব্রুয়ারি) তাঁর পাঠানো পদত্যাগপত্র সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ও আইন মন্ত্রণালয়ের ই-মেইলে গ্রহণ করা হয়। জানা গেছে, কানাডা থেকে ই-মেইলের মাধ্যমে পদত্যাগপত্র পাঠানো হয়েছে।
সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী জানান, পদত্যাগপত্রটি প্রয়োজনীয় প্রক্রিয়ার জন্য রাষ্ট্রপতির কার্যালয়ে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, বিচারপতি মামনুন রহমান প্রায় এক বছরের বেশি সময় ধরে বিনা ছুটিতে কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। এ কারণে তাঁর বিষয়ে ব্যবস্থা নিতে সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিল রাষ্ট্রপতির কাছে একটি প্রতিবেদন পাঠায়।
এর আগে সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিলের তদন্ত প্রতিবেদনের আলোকে রাষ্ট্রপতি হাইকোর্ট বিভাগের তিনজন বিচারপতিকে অপসারণ করেন।
২০২৪ সালের ৫ আগস্ট দেশের রাজনৈতিক পরিবর্তনের পর হাইকোর্ট বিভাগের ১২ জন বিচারপতিকে ছুটিতে পাঠানো হয়। তাদের মধ্যে বর্তমানে ৯ জন আর দায়িত্বে নেই—কেউ বাধ্যতামূলক অবসরে, কেউ স্বেচ্ছায় পদত্যাগ করেছেন, আবার কেউ অবসরে চলে গেছেন। অবশিষ্ট তিনজন বিচারপতি পদে থাকলেও বিচারিক দায়িত্বে নিয়োজিত নন।
এদিকে চলতি মাসে সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিলে অভিযোগ দাখিল হওয়ায় বিচারপতি এম আর হাসানকে ছুটিতে পাঠানো হয়েছে। ছুটিতে পাঠানো ১৩ জন বিচারপতির বাইরে হাইকোর্ট বিভাগের আরও দুইজন বিচারপতি স্বেচ্ছায় কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন, যাদের একজন ছিলেন বিচারপতি মামনুন রহমান।