৪ লাখ ৩২ হাজার প্রবাসীর পোস্টাল ভোট সম্পন্ন
অফিস ডেক্স:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬-এ অংশ নিতে পোস্টাল ভোট বিডি মোবাইল অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী ৪ লাখ ৩২ হাজার ৯৮৯ জন প্রবাসী ভোটার তাদের ভোটদান সম্পন্ন করেছেন।
বুধবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত প্রাপ্ত তথ্যের ভিত্তিতে প্রবাসী ভোটার নিবন্ধন বিষয়ক ‘ওসিভি-এসডিআই’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-কে এ তথ্য জানান।
তিনি জানান, পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী প্রবাসী ভোটারদের জন্য পাঠানো মোট ৭ লাখ ৬৬ হাজার ৮৬২টি ব্যালট ইতোমধ্যে সংশ্লিষ্ট গন্তব্য দেশে পৌঁছেছে। এর মধ্যে ৪ লাখ ৯৯ হাজার ৩২৮ জন প্রবাসী ভোটার ব্যালট গ্রহণ করেছেন।
এ পর্যন্ত ভোট প্রদান সম্পন্ন করেছেন ৪ লাখ ৩২ হাজার ৯৮৯ জন প্রবাসী ভোটার। ভোটারদের মাধ্যমে সংশ্লিষ্ট দেশের পোস্ট অফিস বা ডাক বাক্সে জমা দেওয়া হয়েছে ৩ লাখ ৭৯ হাজার ৫৭৯টি ব্যালট। এরই মধ্যে বাংলাদেশে পৌঁছেছে ২৯ হাজার ৭২৮টি পোস্টাল ব্যালট।
সালীম আহমাদ খান আরও জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশ নিতে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে দেশে ও প্রবাসে মিলিয়ে মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৩ জন ভোটার নিবন্ধন সম্পন্ন করেছেন।