ভারতের বিপক্ষে জয় দিয়ে যুব বিশ্বকাপ শুরু করতে চায় বাংলাদেশ
স্টাফ রিপোর্টার
যুব বিশ্বকাপের প্রথম ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। টুর্নামেন্টের শুরুতেই শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে জয় দিয়ে অভিযান শুরু করার ব্যাপারে আশাবাদী বাংলাদেশ দল।
বাংলাদেশ দলের নির্বাচক ও ম্যানেজার এহসানুল হক সিজান এক ভিডিও বার্তায় বলেন, ভারতের বিপক্ষে ম্যাচে ক্রিকেটাররা যদি শতভাগ চেষ্টা দেয়, তাহলে ফলাফল বাংলাদেশের পক্ষেই আসতে পারে। তিনি বলেন, “২০২৪ সালের এশিয়া কাপেও আমরা ভারতকে হারিয়েছি। বর্তমান দলে সেই ম্যাচের বেশ কয়েকজন খেলোয়াড় রয়েছে। তাই আমি খুবই আশাবাদী যে আমরা কালকের ম্যাচ জিততে পারব।”
এদিকে দলের প্রধান কোচ নাভিদ নেওয়াজ ভারতীয় দলকে যথেষ্ট সম্মান জানিয়ে বলেন, “যেদিন যে দল ভালো ক্রিকেট খেলবে, জয়ের সম্ভাবনাও তারই বেশি থাকবে। ভারত নিঃসন্দেহে একটি শক্তিশালী দল, তবে আমাদের দলও ভালোভাবে প্রস্তুত। আমরা ফলের চেয়ে প্রক্রিয়ার ওপর বেশি মনোযোগ দিচ্ছি।”
উল্লেখ্য, যুব বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচ ঘিরে ক্রিকেটপ্রেমীদের মধ্যে বাড়তি উত্তেজনা বিরাজ করছে। ভারতের বিপক্ষে জয় পেলে টুর্নামেন্টে আত্মবিশ্বাসের বড় বার্তা দেবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।