নির্বাচনের নিরাপত্তা জোরদারে এক মাস বাংলাদেশে ‘ভিসা অন অ্যারাইভাল’ স্থগিত

নির্বাচনের নিরাপত্তা জোরদারে এক মাস বাংলাদেশে ‘ভিসা অন অ্যারাইভাল’ স্থগিত

নিজস্ব প্রতিবেদক | ঢাকা
আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে নিরাপত্তা ও প্রশাসনিক কার্যক্রম জোরদার করতে এক মাসের জন্য বাংলাদেশে ‘ভিসা অন অ্যারাইভাল’ সুবিধা স্থগিত করেছে সরকার। এই সিদ্ধান্ত আগামী ১৫ জানুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত কার্যকর থাকবে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, নির্বাচন সংশ্লিষ্ট কাজে বাংলাদেশে আগমনকারী বিদেশি পর্যবেক্ষক ও তাদের সহকারী দল এই স্থগিতাদেশের আওতামুক্ত থাকবেন। তাদের যাতায়াত ও অবস্থান সহজ করতে সংশ্লিষ্ট দূতাবাসগুলোকে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, রাশিয়া, চীন, জাপান, সিঙ্গাপুর, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, কাতার, কুয়েত, ওমান, বাহরাইন, মিশর, তুরস্ক, ব্রুনাই, মালদ্বীপ, ভুটানসহ ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশের নাগরিকরা এতদিন বাংলাদেশে এসে ভিসা অন অ্যারাইভাল সুবিধা ভোগ করে আসছিলেন।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, উল্লিখিত দেশগুলোর নাগরিকদের ভ্রমণ, ব্যবসা কিংবা অন্য যে কোনো প্রয়োজনে বাংলাদেশে আসতে হলে নিজ নিজ দেশের বাংলাদেশ মিশন থেকে আগাম ভিসা সংগ্রহ করতে হবে। যেসব দেশে বাংলাদেশের কোনো কূটনৈতিক মিশন নেই, সেসব দেশের নাগরিকদের এই সময়ের মধ্যে বাংলাদেশ ভ্রমণ না করার পরামর্শ দেওয়া হয়েছে।
ইতোমধ্যে ভুটান ও মালদ্বীপ সরকার তাদের নাগরিকদের জন্য সতর্কতামূলক নির্দেশনা জারি করেছে। ভুটানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বাংলাদেশ সরকারের সিদ্ধান্ত অনুযায়ী নির্ধারিত সময়ে ভিসা অন অ্যারাইভাল কার্যকর থাকবে না। ফলে বাংলাদেশ ভ্রমণের আগে থিম্পুতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস থেকে ভিসা নেওয়া বাধ্যতামূলক।
অন্যদিকে, মালদ্বীপের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, নির্বাচনী নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে বাংলাদেশ এই সাময়িক সিদ্ধান্ত নিয়েছে। সে কারণে মালদ্বীপের নাগরিকদের হুলহুমালে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন থেকে আগাম ভিসা গ্রহণের আহ্বান জানানো হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই সাময়িক ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্য হলো নির্বাচনকালীন সময়ে অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করা এবং বিদেশি নাগরিকদের প্রবেশ প্রক্রিয়া সুশৃঙ্খল রাখা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *