‘পরাণ’ ও ‘দামাল’র পর আবারও রাজ–মিম জুটি

‘পরাণ’ ও ‘দামাল’র পর আবারও রাজ–মিম জুটি

বিনোদন ডেস্ক :
‘পরাণ’ ও ‘দামাল’ সিনেমার সাফল্যের পর দীর্ঘ বিরতি শেষে আবারও একসঙ্গে পর্দায় ফিরছেন চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম ও অভিনেতা শরিফুল রাজ। নতুন একটি সিনেমায় এই জনপ্রিয় জুটির পুনর্মিলন হচ্ছে বলে জানা গেছে।
সম্প্রতি মিম তাঁর ফেসবুক পেজে এক অভিনেতার সঙ্গে ছবি পোস্ট করে নতুন কাজের ইঙ্গিত দেন। ছবির ক্যাপশনে তিনি লেখেন, “Next project coming, guess who?”—যা নিয়ে অনুরাগীদের মধ্যে ব্যাপক কৌতূহল তৈরি হয়। ছবিতে অভিনেতার মুখ স্পষ্ট না থাকায় মন্তব্যের ঘরে কেউ শরিফুল রাজ, কেউ আবার আরিফিন শুভর নাম উল্লেখ করেন।
এ বিষয়ে যোগাযোগ করা হলে মিম বলেন, “অনুমান করেন কে হতে পারে—এ মুহূর্তে কিছু বলা নিষেধ। তবে এটুকু বলতে পারি, নতুন কাজের খবর এটি। শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা আসবে।”
পরবর্তীতে খোঁজ নিয়ে জানা যায়, ছবিতে থাকা অভিনেতা আসলে শরিফুল রাজ। ‘পরাণ’ ও ‘দামাল’-এর পর আবারও এই জুটিকে নিয়ে রোমান্টিক গল্পের একটি সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন পরিচালক আলভী আহমেদ। যদিও বিষয়টি এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।
সূত্র জানায়, এরই মধ্যে সিনেমাটিতে চুক্তিবদ্ধ হয়েছেন মিম ও শরিফুল রাজ। তবে ভালো সময় ও দেশের পরিস্থিতি বিবেচনা করে প্রযোজনা প্রতিষ্ঠান আনুষ্ঠানিক ঘোষণা দেবে বলে জানা গেছে।
এ বিষয়ে শরিফুল রাজের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “বর্তমানে আমি তানিম নুর পরিচালিত ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমার কাজ করছি। এই সিনেমার বাইরে অন্য কোনো প্রজেক্ট নিয়ে এখন কিছু বলতে চাই না। নতুন কোনো সিনেমার খবর থাকলে প্রযোজনা প্রতিষ্ঠান থেকেই জানানো হবে।”
উল্লেখ্য, রাজ–মিম জুটির প্রথম সিনেমা ‘পরাণ’ মুক্তি পায় ২০২২ সালের ঈদুল আজহায় এবং সিনেমাটি দর্শকপ্রিয়তা ও ব্যবসায়িক সফলতা অর্জন করে। এরপর ‘দামাল’ সিনেমায়ও তারা একসঙ্গে অভিনয় করেন। দুটি সিনেমারই পরিচালক ছিলেন রায়হান রাফী। প্রায় পাঁচ বছর পর এই জুটির পুনরাগমন ঘিরে দর্শকদের মধ্যে বাড়তি আগ্রহ তৈরি হয়েছে।
এদিকে, দীর্ঘদিন সিনেমা থেকে দূরে থাকলেও বিজ্ঞাপনে ব্যস্ত ছিলেন মিম। এর আগে এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, মানসম্মত কাজের অপেক্ষাতেই তিনি সিনেমা বেছে নিচ্ছেন। সেই অপেক্ষারই ইঙ্গিত মিলছে নতুন এই প্রকল্পে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *