৬ দফা দাবিতে পরিযায়ী শ্রমিকদের মিছিল ও ডেপুটেশন

৬ দফা দাবিতে পরিযায়ী শ্রমিকদের মিছিল ও ডেপুটেশন

স্টাফ রিপোর্টার
আজ ৬ জানুয়ারি, মঙ্গলবার দুপুর ১২টায় অল ইন্ডিয়া মাইগ্র্যান্ট ওয়ার্কার্স অ্যাসোসিয়েশনের আহ্বানে এবং পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক তপন মুখার্জির উদ্যোগে, এআইইউটিইউসি অনুমোদিত কয়েকশো পরিযায়ী শ্রমিক কলকাতার সুবোধ মল্লিক স্কোয়ারে জমায়েত হন।
দুপুর ১টা ৩০ মিনিট নাগাদ শ্রমিকরা সুবোধ মল্লিক স্কোয়ার থেকে মিছিল শুরু করে এস এন ব্যানার্জি রোড হয়ে ধর্মতলা ডরিনা ক্রসিং অতিক্রম করে ওয়াই চ্যানেলে এসে পৌঁছান। সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে ৬ দফা দাবি সংবলিত স্মারকলিপি নিয়ে রাজ্যপাল, কেন্দ্রীয় শ্রম দপ্তর ও রাজ্য শ্রম দপ্তরে ডেপুটেশন প্রদান করা হয়।
মিছিল ও ডেপুটেশনে অংশ নেওয়া পরিযায়ী শ্রমিকদের উদ্দেশে নেতৃবৃন্দ বলেন, আজকের ডেপুটেশনের বার্তা গ্রামে-গঞ্জে ছড়িয়ে দিতে হবে এবং সংগঠিত আন্দোলন গড়ে তুলতে হবে।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, ওড়িশাসহ বিভিন্ন রাজ্যে ‘সিআইআর/এসআইআর’-এর নামে বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের উপর চরম নির্যাতন ও নিপীড়ন চালানো হচ্ছে। বৈধ নথিপত্র থাকা সত্ত্বেও শ্রমিকদের হেনস্থা করা হচ্ছে, যা সম্পূর্ণ অমানবিক ও নিন্দনীয়। অবিলম্বে এই নিপীড়ন বন্ধ করে শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়।
পরিযায়ী শ্রমিকদের ৬ দফা দাবি—
বিভিন্ন রাজ্যে কর্মরত সকল পরিযায়ী শ্রমিকের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
পরিযায়ী শ্রমিকদের উপর সব ধরনের নিপীড়ন অবিলম্বে বন্ধ করতে হবে।
পরিযায়ী শ্রমিকদের সরকারি পরিচয়পত্র প্রদান করতে হবে।
নিপীড়ন ও দুর্ঘটনায় মৃত ও আহত শ্রমিকদের উপযুক্ত ও সম্মানজনক ক্ষতিপূরণ দিতে হবে।
ঘুরপথে এনআরসি চালুর চেষ্টা ও বর্তমান এসআইআর বাতিল করতে হবে।
ভিন রাজ্যে বাংলাভাষীসহ সকল পরিযায়ী শ্রমিকের উপর হেনস্থা বন্ধ করতে হবে এবং স্থায়ী ঠিকানার ভোটার তালিকা থেকে পরিযায়ী শ্রমিকদের নাম বাদ দেওয়া চলবে না।
ডেপুটেশন শেষে শ্রমিক নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, সরকার যদি এই দাবিগুলি গুরুত্ব দিয়ে বিবেচনা না করে, তাহলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামবেন পরিযায়ী শ্রমিকরা। বক্তারা বলেন, জীবিকার তাগিদে ভিন রাজ্যে গিয়ে কাজ করা এই শ্রমিকরাই দেশের কারিগর ও অর্থনীতির চালিকাশক্তি—তাদের ছাড়া সমাজ অচল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *