মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে চট্টগ্রাম মডেল স্কুল’র ইন-হাউস শিক্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত 

মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে চট্টগ্রাম মডেল স্কুল’র ইন-হাউস শিক্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত 

অফিস ডেস্ক :

শিক্ষার গুণগত মানোন্নয়ন, শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের সামগ্রিক বিকাশ নিশ্চিত করার লক্ষ্যে চট্টগ্রাম মডেল স্কুলে দিনব্যাপী ইন-হাউস শিক্ষক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান বিদ্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান আলোচক ও সমাপনী বক্তব্য প্রদান করেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক, সাংবাদিক ও শিক্ষাবিষয়ক কলাম লেখক এম নজরুল ইসলাম খান। তিনি বলেন, বর্তমান বিশ্বে শিক্ষা শুধুমাত্র তথ্যভিত্তিক জ্ঞান অর্জনের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং শিক্ষা এখন মানুষ গড়ার বিজ্ঞান, মানবিকতা বিকাশের প্রক্রিয়া এবং একটি জাতির ভবিষ্যৎ নির্মাণের অন্যতম প্রধান হাতিয়ার।

তিনি আরও বলেন, একজন শিক্ষক কেবল পাঠদানকারী নন; তিনি একই সঙ্গে একজন Leader, Mentor, Facilitator, Researcher, Counselor, Moral Builder এবং Nation Architect। একজন আদর্শ শিক্ষক শিক্ষার্থীর শুধু একাডেমিক ফলাফল নয়, বরং তার নৈতিকতা, মানবিকতা, সৃজনশীলতা, নেতৃত্বগুণ, সামাজিক দায়বদ্ধতা ও জীবনদর্শন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

তিনি শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, আধুনিক শিক্ষাব্যবস্থায় শিক্ষককে যুগোপযোগী, প্রযুক্তিবান্ধব, গবেষণামুখী ও শিক্ষার্থীকেন্দ্রিক হতে হবে। ডিজিটাল শিক্ষা, অংশগ্রহণমূলক পাঠদান, সৃজনশীল মূল্যায়ন এবং মানবিক শিক্ষার সমন্বয় ছাড়া বর্তমান প্রজন্মকে বিশ্ব প্রতিযোগিতার উপযোগী করে গড়ে তোলা সম্ভব নয়।

প্রধান শিক্ষক তাঁর বক্তব্যে বাংলাদেশের শিক্ষাব্যবস্থার অন্যতম বড় চ্যালেঞ্জ হিসেবে পরীক্ষাকেন্দ্রিক ধারার কথা উল্লেখ করে বলেন, শিক্ষাকে জীবনমুখী, মূল্যবোধভিত্তিক ও দক্ষতানির্ভর ব্যবস্থায় রূপান্তর করতে হলে প্রয়োজন প্রশিক্ষিত, নৈতিকতাসম্পন্ন ও দায়িত্বশীল শিক্ষক সমাজ।

তিনি আরও বলেন, একজন শিক্ষকই পারেন হতাশ শিক্ষার্থীকে নতুন স্বপ্ন দেখাতে, পিছিয়ে পড়া শিক্ষার্থীকে এগিয়ে নিতে এবং একজন শিক্ষার্থীকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে। প্রযুক্তি যতই উন্নত হোক, আদর্শ শিক্ষকের বিকল্প কখনো তৈরি হবে না। কারণ শিক্ষক শুধু জ্ঞান প্রদান করেন না; তিনি বিবেক জাগ্রত করেন, চরিত্র নির্মাণ করেন এবং আলোকিত সমাজ গঠনের ভিত্তি তৈরি করেন।

প্রশিক্ষণের মূল প্রতিপাদ্য ছিল— “মানুষ গড়ার বিজ্ঞান: শিক্ষকের বহুমাত্রিক ভূমিকা ও শিক্ষার্থীর সামগ্রিক বিকাশ”। এতে আধুনিক শিক্ষাদর্শন, শিক্ষার্থীকেন্দ্রিক শিক্ষা, নৈতিক মূল্যবোধ, ডিজিটাল শিক্ষাব্যবস্থা, গবেষণাভিত্তিক পাঠদান, কাউন্সেলিং, নেতৃত্ব বিকাশ, সৃজনশীল মূল্যায়ন এবং কার্যকর শ্রেণিকক্ষ ব্যবস্থাপনা বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

প্রশিক্ষণে অংশগ্রহণ করেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিচালক ইয়াসমীন ইসলাম, সিনিয়র সহকারী শিক্ষক মোঃ ইলিয়াছ, রুমানা পারভীন, কণিকা দাস, সুপন দেবনাথ, মেহেদী হাসান, মোমিনা আক্তার, লাকি দাস, সানজিদা আক্তার, মিম আক্তার, জান্নাতে আক্তার উর্মীসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকবৃন্দ।

সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষকরা বলেন, এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির পাশাপাশি শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ভবিষ্যতেও এ ধরনের যুগোপযোগী প্রশিক্ষণ আয়োজন অব্যাহত থাকবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *