ডিমলায় ইসলামী আন্দোলন (চরমোনাই) নেতা ও ইউপি সদস্যসহ ১৫ জন বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন

নীলফামারীর ডিমলা উপজেলায় বিভিন্ন দল ও মতাদর্শ থেকে আগত ১৫ জন বিশিষ্ট ব্যক্তি বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। সোমবার (১৯ জানুয়ারি) রাতে ডিমলা উপজেলার ১০ নং পূর্ব ছাতনাই ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত এক যোগদান অনুষ্ঠানে তারা আনুষ্ঠানিকভাবে দলে যোগ দেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-১ (ডোমার–ডিমলা) সংসদীয় আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী (দাঁড়িপাল্লা প্রতীক) অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার। তাঁর হাত ধরেই নতুন সদস্যরা জামায়াতে ইসলামীতে যোগদান করেন।
যোগদানকালে বক্তারা বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি আদর্শিক, দেশপ্রেমিক ও জনকল্যাণমূলক রাজনৈতিক দল। দলের নীতি ও আদর্শে অনুপ্রাণিত হয়ে সমাজ ও দেশের কল্যাণে কাজ করার লক্ষ্যে তারা জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।
যোগদানকারীদের মধ্যে উল্লেখযোগ্য হলেন— চারবারের ইউপি সদস্য মোঃ আনছার আলী, ইউপি সদস্য মোঃ নবীর হোসেন, শিক্ষক মাহবুব আলম, ব্যবসায়ী মোহাম্মদ উল্লাহ, ইসলামী আন্দোলন (চরমোনাই)-এর সাবেক দায়িত্বশীল আলহাজ্ব ইব্রাহিম ও হাফেজ মাওলানা জাহিদুল ইসলামসহ আরও অনেকে।
অনুষ্ঠানে জামায়াতে ইসলামী স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা বলেন, নতুন সদস্যদের যোগদানের ফলে এলাকায় জামায়াতে ইসলামীর সাংগঠনিক শক্তি আরও বৃদ্ধি পাবে এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে গতি আসবে।