ভাই-বোনের নিঃস্বার্থ ভালোবাসার অনন্য দৃষ্টান্ত গড়লেন ছামি ও মুনতাহা

ভাই-বোনের নিঃস্বার্থ ভালোবাসার অনন্য দৃষ্টান্ত গড়লেন ছামি ও মুনতাহা

Nov 10, 2026

বিশেষ প্রতিবেদনঃ

পৃথিবীর অধিকাংশ সম্পর্ক স্বার্থের ওপর দাঁড়িয়ে থাকলেও ভাই-বোনের সম্পর্কটি চিরকালই পবিত্র ও নিঃস্বার্থ। তেমনই এক হৃদয়স্পর্শী ভালোবাসার নজির গড়েছেন মোঃ সাইদুল ইসলাম ছামি ও তার ছোট বোন জান্নাতুল মুনতাহা। বর্তমান সময়ে যখন পারিবারিক বন্ধনগুলো ক্রমশ যান্ত্রিক হয়ে পড়ছে, তখন এই দুই ভাই-বোনের মধুর সম্পর্ক সামাজিক যোগাযোগমাধ্যমসহ সবার মাঝে এক ইতিবাচক বার্তা ছড়িয়ে দিচ্ছে। পারিবারিক সূত্রে জানা যায়, প্রতিদিন স্কুলে যাওয়ার সময় ছামিকে গাড়ি ভাড়া এবং দুপুরের টিফিনের জন্য হিসাব করে নির্দিষ্ট পরিমাণ টাকা দেওয়া হয়। কিন্তু সেই টাকা নিজের জন্য খরচ না করে, প্রায়ই নিজে না খেয়ে টাকা বাঁচিয়ে রাখে সে। স্কুল ছুটির পর সেই জমানো টাকা দিয়ে আদরের ছোট বোন মুনতাহার জন্য দোকান থেকে পছন্দের কোনো খাবার কিনে বাড়ি ফেরে ছামি। ছোট্ট মুনতাহা এখনো স্কুলে যাওয়ার বয়সে পৌঁছায়নি। তাই ভাই স্কুলে যাওয়ার সময় সে সরল মনে আবদার করে বলে, “আমি তো ছোট, স্কুলে যেতে পারি না। আমি কি তোমার বোন হই না? স্কুল থেকে আসার সময় আমার জন্য অবশ্যই কিছু নিয়ে আসবে।” ছোট বোনের এমন আত্মার টান ও আবদার কখনোই ফেলতে পারে না ভাই ছামি। আর কোনোদিন যদি কিছু আনতে ভুলে যায় বা না দেয়, তবে অভিমানে মুনতাহার মনে হয় সে বুঝি ভাইয়ের আদরের ছোট বোন নয়। বোন মানে যেমন এক চিলতে মিষ্টি হাসি, তেমনি ভাই মানে নির্ভরতার এক বিশাল পাহাড়। আর দশটা ভাই-বোনের মতো ছামি ও মুনতাহাও নিজেদের মধ্যে খুনসুটি, দুষ্টুমি আর ছাদে উঠে নানা রকম মজার ঝগড়ায় মেতে থাকে। কিন্তু দিনশেষে সব খুনসুটি ছাপিয়ে বড় হয়ে ওঠে তাদের ভালোবাসা। দোকান থেকে বোনের পছন্দের খাবারটি কিনে এনে ছামি যখন পরম মমতায় বলে, “মুনতাহা, তোমার জন্য এটা নিয়ে এসেছি, তুমি খাও”—তখন যেন পৃথিবীর সব সুখ এসে ধরা দেয় তাদের আঙিনায়। ভাই-বোনের এই মধুর ও নিঃস্বার্থ বন্ধন সবার জন্য এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *