সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে গাজীপুরে মানববন্ধন, দোষীদের বিচারের দাবি

সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে গাজীপুরে মানববন্ধন, দোষীদের বিচারের দাবি

Oct 27, 2026

গাজীপুর প্রতিনিধিঃ

জাতীয় দৈনিক কালবেলার গাজীপুর জেলা প্রতিনিধি ও মাইটিভির গাজীপুর প্রতিনিধি মহিন উদ্দিন রিপনকে অপহরণ, নির্যাতন ও চাঁদা দাবির অভিযোগের প্রতিবাদে গাজীপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে গাজীপুরসহ সারা দেশে সাংবাদিকদের ওপর হামলা, নির্যাতন ও পেশাগত দায়িত্ব পালনে বাধা দেওয়ার প্রতিবাদ জানিয়ে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেল ৪টায় গাজীপুর মিডিয়া সেন্টারের সামনে গাজীপুরে কর্মরত সাংবাদিকদের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংবাদ সংস্থা এনএনবির (NNB) সম্পাদক ও বিভিন্ন শীর্ষস্থানীয় জাতীয় দৈনিক পত্রিকার কলামিস্ট জুলীয়াস চৌধুরী। মানববন্ধনে বক্তব্য দেন ভাষাটিভির চেয়ারম্যান আতিকুল ইসলাম, গাজীপুর মিডিয়া সেন্টারের কো-অর্ডিনেটর মিজানুর রহমান, দৈনিক কালের সমাজ পত্রিকার গাজীপুর জেলা প্রতিনিধি শারমিন সুলতানা মিতু, বাংলাদেশ সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির গাজীপুর জেলা কমিটির আহ্বায়ক মোহাম্মদ মানিক, গাছা সাংবাদিক ক্লাবের সাধারণ সম্পাদক নুরুল কহ ভূঞা এবং দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার নির্বাহী সম্পাদক হজরত আলী। এ সময় নাশিদ আহমেদ তুষার, আব্দুল আলী, জাহাঙ্গীর আলম, এরশাদ আহমেদ, শাওন মোল্লা ও ওবায়দুল জয়সহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকেরা উপস্থিত ছিলেন। সভাপতির বক্তব্যে জুলীয়াস চৌধুরী বলেন, সাংবাদিক মহিন উদ্দিন রিপনকে অপহরণ, নির্যাতন ও চাঁদা দাবির যে অভিযোগ উঠেছে, তা অত্যন্ত উদ্বেগজনক। এ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন করতে হবে। তদন্তে অপরাধের প্রমাণ পাওয়া গেলে জড়িত ব্যক্তিদের পরিচয় ও প্রভাব বিবেচনা না করে আইনের আওতায় আনতে হবে। তিনি বলেন, সাংবাদিকেরা অপরাধ, দুর্নীতি, অনিয়ম ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় তুলে ধরেন। কোনো সংবাদ নিয়ে আপত্তি থাকলে আইনসম্মত উপায়ে প্রতিকার চাওয়ার সুযোগ রয়েছে। কিন্তু সংবাদ প্রকাশের কারণে কোনো সাংবাদিককে অপহরণ, নির্যাতন কিংবা চাঁদা দাবির শিকার হতে হলে তা স্বাধীন সাংবাদিকতা ও জনগণের তথ্য জানার অধিকারের জন্য হুমকি হয়ে দাঁড়ায়। জুলীয়াস চৌধুরী আরও বলেন, সাংবাদিক নির্যাতন প্রতিরোধে সরকার, স্থানীয় প্রশাসন ও জনগণের সহযোগিতা কাম্য। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা শুধু সাংবাদিক সমাজের দায়িত্ব নয়। এ জন্য সরকারের কার্যকর উদ্যোগ, প্রশাসনের দ্রুত পদক্ষেপ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পেশাদার ভূমিকা এবং জনগণের সচেতন সহযোগিতা প্রয়োজন। তিনি মহিন উদ্দিন রিপনের ওপর হামলার অভিযোগের নিরপেক্ষ তদন্ত, জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং ভুক্তভোগী সাংবাদিকের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। পাশাপাশি সারা দেশে সাংবাদিকদের ওপর হামলা, নির্যাতন ও হুমকির ঘটনাগুলোর সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিচারের আওতায় আনার আহ্বান জানান। মানববন্ধনে অন্যান্য বক্তারা সাংবাদিক মহিন উদ্দিন রিপনের ওপর হামলা ও নির্যাতনের অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং দোষীদের বিচারের দাবি জানান। তাঁরা বলেন, সাংবাদিকেরা যাতে ভয়ভীতি ও বাধার মুখে না পড়ে পেশাগত দায়িত্ব পালন করতে পারেন, সে জন্য কার্যকর নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করা জরুরি। বক্তারা আরও বলেন, সাংবাদিকদের ওপর হামলা বা নির্যাতনের ঘটনা স্বাধীন সাংবাদিকতার পরিবেশকে ক্ষতিগ্রস্ত করে। অপরাধ, দুর্নীতি ও অনিয়মের তথ্য প্রকাশের ক্ষেত্রে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং তাঁদের পেশাগত স্বাধীনতা রক্ষা করা রাষ্ট্র ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের গুরুত্বপূর্ণ দায়িত্ব। তাঁরা সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে সাংবাদিক সমাজকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং মহিন উদ্দিন রিপনের ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করার দাবি পুনর্ব্যক্ত করেন। উল্লেখ্য, অভিযোগ অনুযায়ী, গত ২৬ অক্টোবর দুপুরে গাজীপুরের টঙ্গী সেনাকল্যাণ শপিং কমপ্লেক্সের সামনে থেকে মহিন উদ্দিন রিপনকে একদল দুর্বৃত্ত জোরপূর্বক তুলে নিয়ে যায়। তাঁর অভিযোগ, টঙ্গীর হাজীর মাজার বস্তি এলাকার মাদক ব্যবসা ও সন্ত্রাসবিরোধী সংবাদ প্রকাশের জেরে তাঁকে অপহরণ করা হয়। এ সময় তাঁর কাছে এক কোটি টাকা চাঁদা দাবি করা হয় এবং দেশীয় অস্ত্র দিয়ে নির্যাতন করা হয় বলেও তিনি অভিযোগ করেন। প্রায় দুই ঘণ্টা নির্যাতনের পর তিনি অচেতন হয়ে পড়লে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে ভর্তি করেন বলে জানা গেছে। সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিবাদ এবং স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করার আহ্বানের মধ্য দিয়ে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *