কর্মকর্তা সংকটে থমকে আছে বিজয়নগরের জনসেবা

কর্মকর্তা সংকটে থমকে আছে বিজয়নগরের জনসেবা

Oct 5, 2026

মস্ত মিয়া

জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় তীব্র জনবল সংকটে ব্যাহত হচ্ছে সরকারি দপ্তরগুলোর স্বাভাবিক কার্যক্রম। উপজেলার ৩৩ টি সরকারি দপ্তরের মধ্যে অন্তত ১১ টিতে নিয়মিত কর্মকর্তা না থাকায় অন্য দপ্তরের কর্মকর্তাদের অতিরিক্ত দায়িত্ব দিয়ে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এতে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের ওপর বাড়তি চাপ সৃষ্টি হওয়ার পাশাপাশি জনসেবা কার্যক্রমেও ধীরগতি তৈরি হচ্ছে। উপজেলার একাধিক গুরুত্বপূর্ণ দপ্তর দীর্ঘদিন ধরে অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের মাধ্যমে পরিচালিত হচ্ছে। ফলে একজন কর্মকর্তাকে নিজ দপ্তরের দায়িত্ব পালনের পাশাপাশি অন্য একটি দপ্তরের দায়িত্বও সামলাতে হচ্ছে। এতে দাপ্তরিক কাজের চাপ বাড়ছে এবং সময়মতো সেবা দিতে নানা সীমাবদ্ধতার সৃষ্টি হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। অতিরিক্ত দায়িত্বে পরিচালিত দপ্তরগুলোর মধ্যে রয়েছে উপজেলা ভূমি অফিস, সমাজসেবা অধিদপ্তর, উপজেলা মৎস্য অফিস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস, সাব-রেজিস্ট্রার কার্যালয়, উপজেলা শিক্ষা অফিস, উপজেলা সহকারী প্রোগ্রামারের কার্যালয়, উপজেলা হিসাবরক্ষণ অফিস, উপজেলা যুব উন্নয়ন অফিস, উপজেলা পল্লী উন্নয়ন অফিস, উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়, বিএডিসির সহকারী প্রকৌশলীর কার্যালয়, বিআরডিবি ও ফায়ার সার্ভিস স্টেশন।  একাধিক দপ্তরের দায়িত্বশীল কর্মকর্তাদের অতিরিক্ত দায়িত্ব পালন করতে হওয়ায় নিয়মিত দাপ্তরিক কার্যক্রম পরিচালনায় চাপ বাড়ছে। বিশেষ করে যেসব দপ্তরে প্রতিদিন বিপুলসংখ্যক মানুষ সেবা নিতে আসেন, সেখানে জনবল ঘাটতির প্রভাব বেশি পড়ছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। স্থানীয় বাসিন্দারা জানান, সরকারি বিভিন্ন কাজে উপজেলা পর্যায়ের দপ্তরগুলোতে নিয়মিত যাতায়াত করতে হয় তাঁদের। কিন্তু কোনো কোনো দপ্তরে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা অন্য দপ্তরের কাজও সামলানোর কারণে প্রয়োজনীয় সেবা পেতে সময় বেশি লাগছে। এতে সাধারণ মানুষের ভোগান্তি বাড়ছে। স্থানীয়দের মতে, একটি দপ্তরের দায়িত্বে থাকা কর্মকর্তাকে একসঙ্গে একাধিক দপ্তরের দায়িত্ব দেওয়ায় শুধু কর্মকর্তাদের ওপর কাজের চাপই বাড়ছে না, প্রশাসনিক কার্যক্রমের স্বাভাবিক গতিও ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। জনসেবার স্বার্থে দ্রুত শূন্য পদগুলোতে কর্মকর্তা নিয়োগ দেওয়া প্রয়োজন। বিজয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহমুদুর রহমান বলেন, ‘আমরা এসপি, ডিসি ও এমপি মহোদয়ের সঙ্গে আলোচনা করেছি এবং বিষয়টি তাঁদের অবগত করেছি। খুব শিগগিরই এর সমাধান হবে।’ স্থানীয়রা দ্রুত শূন্য পদগুলোতে প্রয়োজনীয় জনবল নিয়োগ দিয়ে অতিরিক্ত দায়িত্বের চাপ কমানোর পাশাপাশি সরকারি দপ্তরগুলোর স্বাভাবিক কার্যক্রম নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *