হঠাৎ মৃত্যুর গুজব, দিল্লি থেকে রুনা লায়লার ক্ষোভ
বিনোদন ডেস্ক :
ভারতের দিল্লিতে মিনার–ই–দিল্লি পুরস্কার গ্রহণ অনুষ্ঠানে অংশ নিতে বর্তমানে অবস্থান করছেন উপমহাদেশের প্রখ্যাত গায়িকা রুনা লায়লা। এ সময় সামাজিক মাধ্যমে হঠাৎ তার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে। খবরটি দ্রুত ভাইরাল হলে দেশ-বিদেশে ভক্ত-অনুরাগীদের মধ্যে উদ্বেগ ও বিভ্রান্তি তৈরি হয়।
গুজবটি সম্পূর্ণ ভিত্তিহীন বলে নিশ্চিত করেছেন এই কিংবদন্তি শিল্পী। নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি জানান, তিনি সুস্থ ও ভালো আছেন। পোস্টে তিনি লিখেছেন, ‘আমার মৃত্যু নিয়ে কিছু অদ্ভুত গুজব ছড়াচ্ছে, কিন্তু আমি স্পষ্ট করে জানাতে চাই, আমি সম্পূর্ণ সুস্থ ও সবল আছি।’
তিনি আরও জানান, গুজব ছড়িয়ে পড়ার পর বাংলাদেশ, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত ও পাকিস্তানসহ বিভিন্ন দেশ থেকে অসংখ্য ফোন ও বার্তা পেয়ে তিনি বিস্মিত, বিব্রত ও ক্ষুব্ধ হয়েছেন।
ভক্তদের উদ্দেশে তিনি অনুরোধ করেন, যাচাই ছাড়া কোনো তথ্য শেয়ার না করতে। এমন গুজব শুধু শিল্পী হিসেবে তাকেই নয়, তার পরিবার ও ঘনিষ্ঠজনদেরও মানসিকভাবে আঘাত করে বলে উল্লেখ করেন তিনি।
ভুয়া তথ্য ছড়ানোকে অনাকাঙ্ক্ষিত ও দায়িত্বজ্ঞানহীন আচরণ উল্লেখ করে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান রুনা লায়লা। একই সঙ্গে ভক্ত-অনুরাগীদের প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতাও প্রকাশ করেন তিনি।