প্রতিহিংসার রাজনীতি পরিহারের আহ্বানকে স্বাগত জানালেন অ্যাডভোকেট ঈসা

নিজস্ব প্রতিবেদকঃ
আন্তর্জাতিক দেশবন্ধু রেমিটেন্স যোদ্ধা সংসদের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় আহ্বায়ক অ্যাডভোকেট এ এন এম ঈসা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর সাম্প্রতিক বক্তব্যকে স্বাগত জানিয়েছেন। তারেক রহমান সম্প্রতি বলেছেন, অতীতে তাঁর ও তাঁর পরিবারের প্রতি যে অন্যায় ও অত্যাচার হয়েছে, তার প্রতিশোধমূলক রাজনীতি তিনি করবেন না।
বুধবার (১৮ জুন) এক বিবৃতিতে অ্যাডভোকেট এ এন এম ঈসা বলেন, বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘদিন ধরে প্রতিহিংসা, প্রতিশোধ ও বিভক্তির সংস্কৃতি জাতীয় অগ্রগতিকে বাধাগ্রস্ত করেছে। ব্যক্তি বা দলের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার পরিবর্তে জাতীয় ঐক্য, ক্ষমাশীলতা এবং জনগণের কল্যাণকে প্রাধান্য দেওয়াই গণতান্ত্রিক রাষ্ট্রের প্রকৃত চেতনা।
তিনি বলেন, ‘ডিভাইড অ্যান্ড রুল’ বা বিভেদ সৃষ্টি করে শাসনের রাজনীতির বিরুদ্ধে তিনি দীর্ঘদিন ধরে আন্দোলন ও প্রচারণা চালিয়ে আসছেন। তাঁর মতে, জাতিকে বিভক্ত করে টেকসই উন্নয়ন, গণতন্ত্র কিংবা সামাজিক শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। এজন্য ঐক্য, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং সহনশীল রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
অ্যাডভোকেট ঈসা আরও বলেন, তারেক রহমানের ‘বদলা নয়, দেশ ও জনগণের কল্যাণে একসঙ্গে কাজ করার’ আহ্বান বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে একটি ইতিবাচক বার্তা বহন করে। রাজনৈতিক মতপার্থক্য থাকলেও প্রতিহিংসার চক্র থেকে বেরিয়ে এসে জাতীয় স্বার্থে একযোগে কাজ করার মানসিকতা দেশের জন্য কল্যাণকর বলে তিনি মনে করেন।
এদিকে সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব এম এ রউফ (কাতার) বলেন, দেশের সকল রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও নাগরিকদের অতীতের ক্ষতকে নতুন বিভাজনের অস্ত্র হিসেবে ব্যবহার না করে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি শান্তিপূর্ণ, সহনশীল ও ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে হবে।
তিনি বলেন, “আমাদের মূলনীতি হোক—‘ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল’।”
উল্লেখ্য, আন্তর্জাতিক দেশবন্ধু রেমিটেন্স যোদ্ধা সংসদ প্রবাসীদের অধিকার, জাতীয় ঐক্য এবং সামাজিক সম্প্রীতি প্রতিষ্ঠার লক্ষ্যে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।