চাকরি স্থায়ীকরণের দাবিতে ১৯ জুন শহীদ মিনারে মহাসমাবেশ

নিজস্ব প্রতিবেদকঃ
সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত দৈনিকভিত্তিক ও মাস্টাররোল শ্রমিকদের চাকরি স্থায়ীকরণের দাবিতে আগামী ১৯ জুন শুক্রবার ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে দেশব্যাপী বিভিন্ন সরকারি দপ্তর ও প্রতিষ্ঠানের দেয়ালে দেয়ালে পোস্টার সাঁটিয়ে প্রচারণা চালানো হচ্ছে।
বাংলাদেশ দৈনিক মজুরিভিত্তিক কর্মচারী সমিতির উদ্যোগে আয়োজিত এ মহাসমাবেশে সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে আউটসোর্সিং প্রক্রিয়ায় দায়িত্ব হস্তান্তর বন্ধ, দৈনিকভিত্তিক কর্মীদের চাকরি স্থায়ী করা এবং ‘দৈনিকভিত্তিক সাময়িক শ্রমিক নীতিমালা-২০২৫’ বাতিলের দাবি জানানো হবে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সম্মতি দিয়েছেন পাবনা আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম আসনের সংসদ সদস্য সাইদ আল নোমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বদরুল আলম সবুজ, কমরেড রাজেকুজ্জামান রতন, তসলিমা আক্তার, আনোয়ার হোসাইন, বীর মুক্তিযোদ্ধা শেখ নূরুল্লাহ বাছার, মনজুর ইসলাম মঞ্জু, কোহিনূর মাহমুদ, মাহা মির্জা ও খোরশেদ আলম।
অনুষ্ঠানটির তত্ত্বাবধানে থাকবেন বদরুল আলম সবুজ। সঞ্চালনা করবেন সংগঠনের সদস্য সচিব মিজানুর রহমান এবং সভাপতিত্ব করবেন বাংলাদেশ দৈনিক মজুরিভিত্তিক কর্মচারী সমিতির সভাপতি বোরহান উদ্দিন।
সংগঠনের নেতারা জানান, দীর্ঘদিন ধরে সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত দৈনিকভিত্তিক শ্রমিকদের চাকরি স্থায়ীকরণের দাবিতে আন্দোলন চলমান রয়েছে। দাবি আদায়ে ১৯ জুনের মহাসমাবেশকে সফল করতে দেশব্যাপী প্রচার-প্রচারণা ও সাংগঠনিক কার্যক্রম জোরদার করা হয়েছে।