ভাওয়াল জমিদার খান বাহাদুর মেজবাহউদ্দিন আহমেদ খান (আব্দু মিয়া)–এর ৭৯তম মৃত্যুবার্ষিকী 

ভাওয়াল জমিদার খান বাহাদুর মেজবাহউদ্দিন আহমেদ খান (আব্দু মিয়া)–এর ৭৯তম মৃত্যুবার্ষিকী 

মোহাম্মদ ইব্রাহিম খন্দকার

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি :

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার ফুলদী নিবাসী ভাওয়াল পরগনার একমাত্র মুসলিম জমিদার, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক খান বাহাদুর মেজবাহউদ্দিন আহমেদ খান (আব্দু মিয়া)–এর ৭৯তম মৃত্যুবার্ষিকী গত ১৯ মে (৫ জ্যৈষ্ঠ) পালিত হয়েছে।

মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজা মিয়া সমাজকল্যাণ ট্রাস্ট মরহুমের প্রতিষ্ঠিত ফুলদী জাবালী নূর কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে বাদ মাগরিব দোয়া ও মিলাদ মাহফিল এবং কবর জিয়ারতের আয়োজন করেছে। ট্রাস্টের পক্ষ থেকে মরহুমের আত্মীয়-স্বজন, গুণগ্রাহী ও এলাকাবাসীসহ সকলকে উপস্থিত থেকে তাঁর রুহের মাগফিরাত কামনার জন্য অনুরোধ জানানো হয়েছে।

উল্লেখ্য, তিনি ফুলদী সরকারি প্রাথমিক বিদ্যালয়, ফুলদী কেন্দ্রীয় ঈদগাহ ময়দান, বড়গাঁও হাটখোলা এবং ভূইয়াবো ওয়াকফ এস্টেট প্রতিষ্ঠাসহ তাঁর মালিকানাধীন ৬৯টি মৌজায় নানাবিধ জনকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করেন। প্রজাদের কল্যাণে বিভিন্ন এলাকায় পুকুর, মক্তব, মসজিদ, মন্দিরসহ বহু ধর্মীয় ও সামাজিক স্থাপনা নির্মাণে তিনি অগ্রণী ভূমিকা রাখেন।

এছাড়াও তিনি তৎকালীন অবিভক্ত ভারতের কেন্দ্রীয় মুসলিম লীগের অন্যতম সদস্য এবং জয়দেবপুর মহকুমা মুসলিম লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। সমাজ ও জনকল্যাণে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ব্রিটিশ সরকার তাঁকে ‘খান বাহাদুর’ উপাধিতে ভূষিত করে। পাশাপাশি তিনি ‘অনারারি ক্যাপ্টেন’ উপাধি ও ‘অর্ডার অব ব্রিটিশ ইন্ডিয়া’ সম্মাননাসহ বিভিন্ন পদক লাভ করেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গে সক্রিয়ভাবে সম্পৃক্ত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *