রূপসায় মহিলা ভাইস চেয়ারম্যান পদে আলোচনায় বিএনপি নেত্রী মনিরা বেগম.

রূপসায় মহিলা ভাইস চেয়ারম্যান পদে আলোচনায় বিএনপি নেত্রী মনিরা বেগম.

অফিস ডেস্ক :

আসন্ন রূপসা উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় উঠে এসেছেন বিএনপি নেত্রী মনিরা বেগম। দলীয় মনোনয়ন পেতে তৃণমূল পর্যায়ে গণসংযোগ জোরদার করেছেন তিনি।

 

খুলনার রূপসা উপজেলার ৩ নং নেহাটি ইউনিয়নের বাগমারা এলাকার ২ নং ওয়ার্ডের বাসিন্দা মনিরা বেগম দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। দলীয় সূত্র জানায়, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শাসনামলেও তিনি সক্রিয়ভাবে রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেন এবং সাংগঠনিক দায়িত্ব পালন করেন।

 

স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, তৃণমূল পর্যায়ে দলকে সংগঠিত করা, নারীদের রাজনীতিতে সম্পৃক্ত করতে উদ্বুদ্ধ করা এবং সামাজিক সচেতনতামূলক কার্যক্রমে মনিরা বেগমের সক্রিয় ভূমিকা রয়েছে। এলাকার উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন সামাজিক সমস্যা সমাধানে তিনি দীর্ঘদিন কাজ করছেন বলে স্থানীয়রা জানান।

 

মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হলে জনকল্যাণে কাজ করার লক্ষ্যে ১০ দফা অঙ্গীকারের কথা জানিয়েছেন মনিরা বেগম। এগুলোর মধ্যে রয়েছে—ভাঙাচোরা রাস্তা-ঘাট সংস্কার, জলাবদ্ধতা নিরসন, গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, শিক্ষাপ্রতিষ্ঠানের মানোন্নয়ন, বেকার যুব নারীদের প্রশিক্ষণ ও কর্মসংস্থান, নারীদের আত্মকর্মসংস্থান ও দক্ষতা উন্নয়ন, স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, সামাজিক নিরাপত্তা জোরদার, দরিদ্র ও অসহায়দের সহায়তা এবং পরিষ্কার-পরিচ্ছন্ন, নারীবান্ধব উপজেলা গড়ে তোলা।

 

গণসংযোগকালে মনিরা বেগম বলেন, ‘পদ আমার কাছে মুখ্য নয়। মানুষের ভালোবাসা ও আস্থাই আমার শক্তি। নির্বাচিত হলে নারী-পুরুষ নির্বিশেষে সবার কল্যাণে কাজ করব। জনগণের পাশে থেকে তাদের সমস্যা সমাধান করাই আমার প্রধান লক্ষ্য।’

 

স্থানীয় ভোটারদের একাংশ জানান, বিপদ-আপদে ও সামাজিক সংকটে মনিরা বেগমকে তারা পাশে পেয়েছেন। সাধারণ জীবনযাপনের কারণে এলাকায় তার আলাদা গ্রহণযোগ্যতা রয়েছে।

 

রূপসা উপজেলা পরিষদ নির্বাচন ২০২৬ সামনে রেখে আওয়ামী লীগ, জাতীয় পার্টিসহ অন্যান্য দলের সম্ভাব্য মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরাও মাঠে প্রচারণা চালাচ্ছেন। দলীয় মনোনয়ন চূড়ান্ত হলে নির্বাচনী চিত্র আরও স্পষ্ট হবে বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *