কুয়াকাটায় মিথ্যা চাঁদাবাজি মামলা প্রত্যাহার ও স্বেচ্ছাসেবক দল নেতা সুমন, রাসেল ও সজিব ফকিরের মুক্তির দাবিতে মানববন্ধন

কুয়াকাটায় মিথ্যা চাঁদাবাজি মামলা প্রত্যাহার ও স্বেচ্ছাসেবক দল নেতা সুমন, রাসেল ও সজিব ফকিরের মুক্তির দাবিতে মানববন্ধন

অফিস ডেস্ক :
মিথ্যা চাঁদাবাজি মামলা প্রত্যাহার এবং স্বেচ্ছাসেবক দল নেতা সুমন, রাসেল ও সজিব ফকিরের মুক্তির দাবিতে পটুয়াখালীর কলাপাড়ায় মানববন্ধন ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বেলা সাড়ে ১১টায় কলাপাড়া প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে প্রেসক্লাব চত্বর থেকে একটি প্রতিবাদ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।
মানববন্ধনে নীলগঞ্জ ইউনিয়নের শতাধিক কৃষক ও এলাকাবাসী অংশগ্রহণ করেন। এসময় বক্তব্য রাখেন কৃষক কুদ্দুস হাওলাদার, সান্টু হাওলাদার, মঞ্জু মুন্সী এবং নীলগঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মাসুম বিল্লাহ।
বক্তারা বলেন, গত ২৫ মার্চ ওই ইউনিয়নের কুমিরমারা ও গুটাবাছা সরকারি খালে অবৈধভাবে মাছ শিকারের জন্য ছোট ফাঁসের জাল ফেলেন স্থানীয় প্রভাবশালী চানমিয়া গাজী ও ইউনুচ গাজী। এতে স্থানীয় কৃষকরা ক্ষুব্ধ হয়ে জালগুলো ইউনিয়ন পরিষদে জমা দেন।
এ ঘটনায় নীলগঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সোহানুর রহমান সুমন, রাসেল ও সজিব স্থানীয় কৃষকদের পক্ষ নিলে চানমিয়া গাজী তাদের নামে মিথ্যা চাঁদাবাজির মামলা দায়ের করেন বলে বক্তারা অভিযোগ করেন। পরে পুলিশ তাদের গ্রেফতার করে আদালতে সোপর্দ করে।
বক্তারা অবিলম্বে তাদের মুক্তির দাবি জানান এবং অন্যথায় আরও কঠোর কর্মসূচি গ্রহণের হুঁশিয়ারি দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *