দুর্নীতিবিরোধী সচেতনতা শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে দিতে হবে: তাড়াইলে ইউএনও তানজিলা আখতার

দুর্নীতিবিরোধী সচেতনতা শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে দিতে হবে: তাড়াইলে ইউএনও তানজিলা আখতার

Sep 17, 2026

 

তারাইল প্রতিনিধি :

“দুর্নীতিমুক্ত সমাজ গড়তে হলে পরিবর্তনের শুরুটা করতে হবে শিক্ষার্থীদের হাত ধরেই”—এমন প্রত্যয় নিয়ে কিশোরগঞ্জের তাড়াইলে দুটি শিক্ষা প্রতিষ্ঠানে উদ্বোধন করা হয়েছে ‘সততা স্টোর’। শিক্ষার্থীদের মধ্যে সততা, নৈতিকতা ও দুর্নীতিবিরোধী মূল্যবোধ গড়ে তোলার লক্ষ্যে তাড়াইল উপজেলার কাজলা উচ্চ বিদ্যালয় ও ধলা বহুমুখী আলিম মাদ্রাসায় পৃথকভাবে ‘সততা স্টোর’ উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুর্নীতি দমন কমিশনের (দুদক) অর্থায়নে এবং তাড়াইল উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহযোগিতায় আয়োজিত পৃথক অনুষ্ঠানে সততা স্টোর উদ্বোধনের পাশাপাশি আলোচনা সভা ও শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। দিনের প্রথম অনুষ্ঠানটি বেলা ১১টায় ধলা বহুমুখী আলিম মাদ্রাসার মিলনায়তনে এবং দ্বিতীয়টি দুপুর ১টায় কাজলা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। দুটি অনুষ্ঠানেই প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাড়াইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তানজিলা আখতার। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. ইমরুল হাসান দোলনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. আমিনুল ইসলাম ভূঞা বাবুলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দুর্নীতি দমন কমিশন (দুদক) কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইসতেহাদ আহমেদ এবং উপসহকারী পরিচালক মো. সালেহ আহমেদ। ধলা বহুমুখী আলিম মাদ্রাসার অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. আবদুল হান্নান। অন্যদিকে কাজলা উচ্চ বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মো. নজরুল হক, দামিহা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ.কে. মাইনুজ্জামান নবাব এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ কামরুজ্জামান। প্রধান অতিথির বক্তব্যে ইউএনও তানজিলা আখতার বলেন, “আমাদের দায়িত্ব হলো দুর্নীতিবিরোধী সচেতনতা শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে দেওয়া। শিক্ষার্থীদের বাল্যকাল থেকেই সততা, সততা স্টোরের সঠিক ব্যবহার এবং দুর্নীতিবিরোধী মূল্যবোধে গড়ে তুলতে এ উদ্যোগ কার্যকর ভূমিকা রাখবে।” তিনি বলেন, সততা স্টোরের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক বিশ্বাস, দায়িত্ববোধ ও আত্মনিয়ন্ত্রণের চর্চা তৈরি করা সম্ভব। ছোটবেলা থেকেই নৈতিক মূল্যবোধের অনুশীলন ভবিষ্যতে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক হবে বলেও তিনি উল্লেখ করেন। অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের জ্ঞান অর্জনের পাশাপাশি নৈতিকতা, সততা ও দায়িত্বশীলতার চর্চা করার আহ্বান জানান। একই সঙ্গে সততা স্টোরের উদ্দেশ্য ও কার্যক্রম যথাযথভাবে পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন তারা। পরে অতিথিরা আনুষ্ঠানিকভাবে দুটি শিক্ষা প্রতিষ্ঠানে ‘সততা স্টোর’ উদ্বোধন করেন এবং শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করেন। অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *