চট্টগ্রাম কাস্টমসের অকশন শেডে আগুন, ৬ সদস্যের তদন্ত কমিটি গঠন
অফিস ডেস্কঃ
চট্টগ্রাম কাস্টমসের (অকশন) নিলাম গোলার শেডে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল সকাল পৌনে নয়টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে বন্দর ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৪৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের কারণ উদঘাটন ও ক্ষয়ক্ষতি নিরূপণে চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষ ছয় সদস্যের তদন্ত কমিটি গঠন করে। চট্টগ্রাম ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. আনোয়ার হোসেন দৈনিক আজকের জনবাণীকে বলেন, কাস্টমসের অকশন শেডে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিস তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে। চট্টগ্রাম কাস্টমসের সহকারী কমিশনার শরীফ মোহাম্মদ আল আমিন দৈনিক আজকের জনবাণীকে বলেন, আগুনের কারণ উদঘাটন ও ক্ষয়ক্ষতি নিরূপণের বিষয়ে ৬ সদস্যের তদন্ত কমিটির গঠন করা হয়েছে। কমিটিকে ৩ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। এদিকে কাস্টমস সূত্রে জানা গেছে, চট্টগ্রাম কাস্টমসের যুগ্ম কমিশনার সৈয়দ মোকাদ্দেস হোসনকে আহ্বায়ক এবং সহকারী রাজস্ব কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলমকে সদস্য সচিব করে গঠন করা কমিটির অন্য সদস্যরা হলেন, সহকারী কমিশনার মো. রাসেল আহমেদ, রাজস্ব কর্মকর্তা মো. তানবীন ইসলাম, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের একজন প্রতিনিধি এবং চট্টগ্রাম ফায়ার সার্ভিসের মনোনীত একজন প্রতিনিধি।