ক্ষমতা স্বতন্ত্রীকরণের পক্ষে-বিপক্ষে যুক্তি নিয়ে রেমিট্যান্স যোদ্ধা সংসদের আলোচনা সভা

এম এ রউফ-কাতার:
রাষ্ট্রীয় ক্ষমতার ভারসাম্য, গণতন্ত্র, আইনের শাসন ও নাগরিক অধিকার নিয়ে জনসচেতনতা তৈরির লক্ষ্যে “ক্ষমতা স্বতন্ত্রীকরণের পক্ষে ও বিপক্ষে যুক্তি” শীর্ষক একটি ভার্চুয়াল আলোচনা সভার আয়োজন করেছে আন্তর্জাতিক রেমিট্যান্স যোদ্ধা সংসদ। আগামী রবিবার বাংলাদেশ সময় রাত সাড়ে ১০টায় অনুষ্ঠিতব্য এ ভার্চুয়াল সভায় সংগঠনের নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট সদস্যদের অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। আলোচনায় বলা হবে, ক্ষমতা স্বতন্ত্রীকরণ হলো রাষ্ট্রের তিনটি প্রধান বিভাগ—আইন বিভাগ, শাসন বিভাগ ও বিচার বিভাগের ক্ষমতা ও দায়িত্ব পৃথকভাবে পরিচালনার একটি গুরুত্বপূর্ণ নীতি। এর মাধ্যমে কোনো একটি প্রতিষ্ঠানের হাতে অতিরিক্ত ক্ষমতা কেন্দ্রীভূত হওয়া রোধ এবং রাষ্ট্রীয় ক্ষমতার মধ্যে ভারসাম্য প্রতিষ্ঠার চেষ্টা করা হয়। আলোচনায় ক্ষমতা স্বতন্ত্রীকরণের পক্ষে যুক্তি হিসেবে ব্যক্তিস্বাধীনতা ও মৌলিক অধিকার সুরক্ষা, স্বৈরতন্ত্র ও স্বেচ্ছাচারিতা প্রতিরোধ, প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি এবং স্বাধীন বিচারব্যবস্থার মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করার বিষয়গুলো তুলে ধরা হবে। অন্যদিকে, এর বিপক্ষে যুক্তি হিসেবে আধুনিক রাষ্ট্রব্যবস্থায় আইন, শাসন ও বিচার বিভাগের পারস্পরিক সহযোগিতা ও নির্ভরশীলতা, সিদ্ধান্ত গ্রহণে সম্ভাব্য দীর্ঘসূত্রতা, বিভাগগুলোর মধ্যে দ্বন্দ্ব এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সম্ভাব্য সীমাবদ্ধতার বিষয়গুলো আলোচনায় স্থান পাবে। সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে, রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে ক্ষমতার ভারসাম্য যেমন জরুরি, তেমনি কার্যকর শাসনব্যবস্থার জন্য পারস্পরিক সহযোগিতা, জবাবদিহিতা ও সমন্বয়ও অপরিহার্য। তাই বিষয়টি নিয়ে গঠনমূলক ও যুক্তিনির্ভর আলোচনা প্রয়োজন। আলোচনা সভায় সভাপতিত্ব করবেন আন্তর্জাতিক রেমিট্যান্স যোদ্ধা সংসদের প্রতিষ্ঠাতা ও আহ্বায়ক অ্যাডভোকেট এ. এন. এম. ঈসা। সভায় সংশ্লিষ্ট সবাইকে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য সচিব ও উদ্যোক্তা-সংগঠক এম. এ. রউফ।