অফিসিয়াল প্রেস বিজ্ঞপ্তি-দলের ভেতরে গণতন্ত্র প্রতিষ্ঠা না হলে রাষ্ট্রে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়

আন্তর্জাতিক নিউজঃ
বিষয়: রাজনৈতিক দলের অভ্যন্তরে গণতন্ত্র চর্চা, পিরামিড ডেমোক্রেসি ও স্বাধীন সংসদের প্রয়োজনীয়তায়
রাজনৈতিক দলের অভ্যন্তরে গণতন্ত্রের চর্চা, জনগণের কার্যকর অংশগ্রহণ, নেতৃত্ব নির্বাচনে স্বচ্ছতা ও জবাবদিহিতা এবং গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী করার লক্ষ্যে International Remittance Joddha Shongshod-এর উদ্যোগে ‘রাজনৈতিক দলের মধ্যে গণতন্ত্র চর্চার প্রয়োজনীয়তা’ শীর্ষক একটি ভার্চুয়াল সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় আহ্বায়ক ফিলোসফার দেশবন্ধু অ্যাডভোকেট এ. এন. এম. ঈসা। প্রধান অতিথি ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. মো. নাসিমুল গনি। সভা পরিচালনা করেন সংগঠনের প্রতিষ্ঠাতা, উদ্যোক্তা ও সদস্য সচিব এম. এ. রউফ। সেমিনারে বক্তারা বলেন, গণতন্ত্র শুধু নির্বাচন ও ভোটের দিনের বিষয় নয়; রাজনৈতিক দলের অভ্যন্তর থেকেই গণতন্ত্রের শিক্ষা, চর্চা, জবাবদিহিতা ও নেতৃত্ব নির্বাচনের সংস্কৃতি গড়ে তুলতে হবে। রাজনৈতিক দলকে রাষ্ট্রীয় নেতৃত্ব তৈরির প্রধান প্রতিষ্ঠান হিসেবে উল্লেখ করে বক্তারা বলেন, দলের ভেতরে যদি মতপ্রকাশের স্বাধীনতা, নিয়মিত নির্বাচন, নেতৃত্বের জবাবদিহিতা এবং তৃণমূলের মতামতের মূল্য না থাকে, তাহলে সেই দল রাষ্ট্রক্ষমতায় গিয়ে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা করবে—এমন প্রত্যাশা বাস্তবসম্মত নয়। পিরামিড ডেমোক্রেসির আহ্বান সভাপতির বক্তব্যে অ্যাডভোকেট এ. এন. এম. ঈসা বলেন, নেতৃত্ব ওপর থেকে চাপিয়ে দেওয়া নয়; বরং জনগণ ও তৃণমূল কর্মীদের মধ্য থেকে ধাপে ধাপে নির্বাচিত হয়ে নেতৃত্বের বিকাশ ঘটাতে হবে। তিনি বলেন, “একটি পিরামিডের শক্তি তার প্রশস্ত ভিত্তিতে। তেমনি গণতন্ত্রের শক্তিও জনগণ ও তৃণমূলের ওপর নির্ভরশীল।” তিনি রাজনৈতিক দলগুলোর স্থানীয়, আঞ্চলিক ও কেন্দ্রীয় পর্যায়ে নিয়মতান্ত্রিক ও প্রতিযোগিতামূলক নেতৃত্ব নির্বাচনের ওপর গুরুত্বারোপ করেন। অ্যাডভোকেট এ. এন. এম. ঈসা আরও বলেন, “সরিষার মধ্যেই যদি ভূত থাকে, তাহলে সেই ভূত তাড়ানো কঠিন। রাজনৈতিক দলের ভেতরেই যদি গণতন্ত্রের সংকট থাকে, তাহলে সেই দল রাষ্ট্রে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে কীভাবে?” তিনি বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ ৭০-এর দলীয় নিয়ন্ত্রণমূলক বিধান সংস্কারের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে সংসদ সদস্যদের জাতীয় স্বার্থ, জনগণের স্বার্থ ও নিজস্ব বিবেকের ভিত্তিতে স্বাধীনভাবে মতপ্রকাশের সুযোগ নিশ্চিত করার আহ্বান জানান। প্রধান অতিথির বক্তব্য প্রধান অতিথি ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. মো. নাসিমুল গনি বলেন, “জনগণ শুধু ভোটার নয়, জনগণই রাষ্ট্র গড়ার কারিগর।” তিনি বলেন, নির্বাচনের সময় জনগণের কাছে যাওয়া এবং পরবর্তী সময়ে তাদের মতামত উপেক্ষা করা গণতান্ত্রিক সংস্কৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। রাষ্ট্রের উন্নয়ন ও গণতন্ত্রকে শক্তিশালী করতে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাসহ সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে রাষ্ট্রের অগ্রযাত্রায় সম্পৃক্ত করতে হবে। তিনি আরও বলেন, মতপার্থক্য গণতন্ত্রের স্বাভাবিক অংশ। তবে মতপার্থক্যের কারণে আলোচনার দরজা বন্ধ করা যাবে না। বিরোধী মতকে নিশ্চিহ্ন করা নয়, বরং আলোচনা ও সংলাপের মাধ্যমে গ্রহণযোগ্য সিদ্ধান্তে পৌঁছানোই গণতন্ত্রের সৌন্দর্য।
এম. এ. রউফের বক্তব্যঃ সংগঠনের প্রতিষ্ঠাতা, উদ্যোক্তা ও সদস্য সচিব এম. এ. রউফ বলেন, “রেমিট্যান্স যোদ্ধারা কারও করুণা চান না; আমরা আমাদের ন্যায্য অধিকার চাই।” তিনি বলেন, বাংলাদেশকে সুখী, সমৃদ্ধ ও স্থিতিশীল রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হলে মুক্তিযোদ্ধা, রেমিট্যান্স যোদ্ধা, তরুণ সমাজ, পেশাজীবী ও সাধারণ জনগণ—সবাইকে সঙ্গে নিয়ে রাষ্ট্র পরিচালনার সংস্কৃতি গড়ে তুলতে হবে। তিনি বলেন, দেশের সম্পদ নষ্ট করা, দুর্নীতি করা কিংবা ব্যক্তিস্বার্থে রাষ্ট্রকে ক্ষতিগ্রস্ত করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সেমিনারে ড. শরিফ সাকি গণতন্ত্রকে পরিবার, সমাজ, সংগঠন, রাজনৈতিক দল ও রাষ্ট্র—সব স্তরে চর্চার ওপর গুরুত্ব দেন। ফজলুল করিম বলেন, নির্বাচন করলেই গণতন্ত্র সম্পূর্ণ হয় না; জনগণের মতামতের প্রতি সম্মান, প্রতিষ্ঠানের নিয়ম মেনে চলা এবং বিরোধী মতের রাজনৈতিক অধিকার নিশ্চিত করাও গণতন্ত্রের অংশ। হাকিকুল ইসলাম খোকন রাজনৈতিক দলের কমিটি, নেতৃত্ব নির্বাচন ও নীতিনির্ধারণে তৃণমূলের অংশগ্রহণ বাড়ানোর আহ্বান জানান।
মো. আব্দুল ওয়াহাব রিংকো বলেন, “গণতন্ত্র শুধু মুখে বললে চলবে না; রাজনৈতিক আচরণের মাধ্যমে গণতন্ত্রের বাস্তব প্রয়োগ প্রমাণ করতে হবে।” ফজলুল হক রাজনৈতিক দলগুলোকে পরিবার ও আত্মীয়কেন্দ্রিক প্রভাব থেকে বেরিয়ে এসে যোগ্যতা ও জনসমর্থনের ভিত্তিতে নেতৃত্ব নির্বাচনের আহ্বান জানান। ফ্রান্স থেকে মুজিবুর রহমান দলীয় অভ্যন্তরে গণতন্ত্র প্রতিষ্ঠার ওপর গুরুত্ব দিয়ে পরিবারতন্ত্র ও গোষ্ঠীতন্ত্র থেকে বেরিয়ে আসার আহ্বান জানান। লায়ন আব্দুল কাদের জিলানী বলেন, “যে মালী নিজের বাগানে পানি দেয় না, সে অন্যের বাগানকে কীভাবে সবুজ করবে?” তিনি রাজনৈতিক দলগুলোকে আগে নিজেদের সংগঠনের ভেতরে গণতন্ত্র প্রতিষ্ঠার আহ্বান জানান। মির্জা সুমন সাংবিধানিক ও শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে গণতন্ত্র শক্তিশালী করার ওপর গুরুত্ব দেন। লায়ন মোহাম্মদ আজম খান অর্থ ও ব্যবসায়িক স্বার্থের অতিরিক্ত প্রভাব, তোষামোদনির্ভর নেতৃত্ব এবং তৃণমূল কর্মীদের অবমূল্যায়নের সমালোচনা করেন। International Remittance Joddha Shongshod-এর নিউক্যাসল, ইউকে কমিটির সাধারণ সম্পাদক কবির আহমেদ মাসুম পিরামিড ডেমোক্রেসি নিয়ে বাস্তবভিত্তিক কর্মসূচি গ্রহণের আহ্বান জানান। ইসমাইল খান বলেন, শক্তিশালী গণতান্ত্রিক প্রতিষ্ঠান রাজনৈতিক সংকট শান্তিপূর্ণভাবে সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
সেমিনারে গৃহীত প্রধান প্রস্তাবে বক্তারা নিম্নোক্ত বিষয়ে গুরুত্বারোপ করেন-
১. রাজনৈতিক দলের অভ্যন্তরে নিয়মিত, স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক নির্বাচন নিশ্চিত করা। ২. তৃণমূল থেকে ধাপে ধাপে নেতৃত্ব গড়ে তোলার পিরামিড ডেমোক্রেসি চর্চা করা। ৩. একক সিদ্ধান্তের পরিবর্তে গঠনতন্ত্র, আলোচনা ও ভোটের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করা। ৪. পরিবারতন্ত্র, আত্মীয়করণ, অর্থের প্রভাব ও তোষামোদনির্ভর রাজনীতি পরিহার করা। ৫. যোগ্যতা, সততা, জনসমর্থন ও নেতৃত্বের দক্ষতার ভিত্তিতে রাজনৈতিক নেতৃত্ব মূল্যায়ন করা। ৬. জাতীয় সংসদকে আরও কার্যকর, স্বাধীন ও জবাবদিহিমূলক প্রতিষ্ঠানে পরিণত করা। ৭. জনগণকে শুধু নির্বাচনের দিনের ভোটার নয়, সারাবছরের রাষ্ট্রীয় অংশীদার হিসেবে বিবেচনা করা। ৮. বিরোধী মত দমন না করে সংলাপ, আলোচনা ও শান্তিপূর্ণ রাজনৈতিক প্রতিযোগিতার পরিবেশ নিশ্চিত করা। ৯. প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের দেশের উন্নয়ন ও নীতিনির্ধারণী আলোচনায় যথাযথভাবে সম্পৃক্ত করা। সমাপনী বক্তব্যে অ্যাডভোকেট এ. এন. এম. ঈসা বলেন, “গণতন্ত্র কাগজে লিখে রাখার বিষয় নয়। গণতন্ত্র একটি অভ্যাস, একটি সংস্কৃতি এবং একটি দায়িত্ব। রাজনৈতিক দলের ভেতরে যদি আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারি, তাহলে সেই সংস্কৃতি একদিন রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠানে ছড়িয়ে পড়বে।” সেমিনারে অংশগ্রহণকারী সকলকে ধন্যবাদ জানিয়ে দেশের শান্তি, গণতন্ত্র, জনগণের অধিকার ও সার্বিক কল্যাণ কামনা করে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।
আয়োজক
International Remittance Joddha Shongshod
International Team
প্রতিষ্ঠাতা, উদ্যোক্তা ও সদস্য সচিব:
এম. এ. রউফ, কাতার
প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় আহ্বায়ক:
অ্যাডভোকেট এ. এন. এম. ঈসা, লন্ডন