সংসদে প্রবাসীদের নিয়ে দীর্ঘ আলোচনা হলেও ছয় দফার একটি দাবিও বাস্তবায়নের উদ্যোগ নেই: আন্তর্জাতিক রেমিট্যান্স যোদ্ধা সংসদ

সংসদে প্রবাসীদের নিয়ে দীর্ঘ আলোচনা হলেও ছয় দফার একটি দাবিও বাস্তবায়নের উদ্যোগ নেই: আন্তর্জাতিক রেমিট্যান্স যোদ্ধা সংসদ

Jul 26, 2026

আন্তর্জাতিক ডেস্কঃ

জাতীয় সংসদে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সমস্যা ও অধিকার নিয়ে প্রায় পৌনে দুই ঘণ্টা আলোচনা হলেও আন্তর্জাতিক রেমিট্যান্স যোদ্ধা সংসদের উত্থাপিত ছয় দফা দাবির একটি দাবিও বাস্তবায়নের জন্য আনুষ্ঠানিক উদ্যোগ নেওয়া হয়নি বলে দাবি করেছেন সংগঠনটির কেন্দ্রীয় আহ্বায়ক অ্যাডভোকেট এ. এন. এম. ঈসা। এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি বলেন, সংসদে প্রবাসীদের বিষয় নিয়ে দীর্ঘ সময় আলোচনা হওয়াকে সংগঠনটি ইতিবাচকভাবে দেখছে এবং এ বিষয়ে আলোচনা করায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাচ্ছে। তবে কেবল আলোচনা নয়, বাস্তবায়নই প্রবাসীদের প্রধান প্রত্যাশা। অ্যাডভোকেট এ. এন. এম. ঈসার দাবি, বিভিন্ন হিসাব অনুযায়ী সংসদে প্রায় পৌনে দুই ঘণ্টার ওই আলোচনা পরিচালনায় আনুমানিক ২৮,৫৯৮,২২০ টাকা ব্যয় হয়েছে। তাঁর ভাষায়, “এত দীর্ঘ আলোচনার পরও আমাদের ছয় দফা দাবির একটি দাবিও বাস্তবায়নের জন্য আনুষ্ঠানিক উদ্যোগ বা সিদ্ধান্তের পর্যায়ে পৌঁছায়নি। এই অর্থই যদি দীর্ঘদিন বিদেশে কর্মরত প্রবাসীদের পেনশন হিসেবে বরাদ্দ দেওয়া হতো, তাহলে আমাদের একটি দাবি বাস্তবায়ন হয়ে যেত।” তিনি আরও বলেন, প্রবাসীরা দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। তাই তাদের কল্যাণে কার্যকর নীতিগত সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে দীর্ঘদিনের সমস্যার সমাধান করা জরুরি। রংধনু নারী ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন শাহিদা পারভীন রতনা এবং আন্তর্জাতিক কেন্দ্রীয় কমিটির প্রধান উপদেষ্টা নাসরিন আক্তার তরফদার রউফ বলেন, দীর্ঘদিন বিদেশে কর্মরত প্রবাসীদের জন্য একটি স্থায়ী পেনশন ব্যবস্থা চালু, বিদেশগমনের ব্যয় কমানো, দালাল ও সিন্ডিকেট নিয়ন্ত্রণ, প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত করা, জরুরি সহায়তা তহবিল গঠন এবং সংসদে প্রবাসীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করার বিষয়ে কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন। তারা আরও বলেন, বিশ্বের ১৯৫টি দেশে অবস্থানরত প্রবাসীদের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা ছাড়া তাদের জন্য গৃহীত সিদ্ধান্ত দীর্ঘমেয়াদে সফল হবে না। নীতিনির্ধারণে প্রবাসীদের বাস্তব অভিজ্ঞতা ও মতামতকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তারা। সংগঠনের আন্তর্জাতিক সদস্য সচিব এম. এ. রউফ (কাতার) বলেন, “সংসদের মূল্যবান সময় যদি শুধু বক্তব্যেই সীমাবদ্ধ থাকে এবং বাস্তবে কোনো কার্যকর সিদ্ধান্ত না আসে, তাহলে প্রবাসীরা প্রত্যাশিত সুফল পাবেন না। সংসদের প্রতিটি মিনিট দেশের মানুষের কল্যাণে কাজে লাগানো উচিত।” আন্তর্জাতিক রেমিট্যান্স যোদ্ধা সংসদ সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেছে, অন্তত ছয় দফা দাবির একটি সংসদে আনুষ্ঠানিকভাবে উত্থাপন করে বাস্তবায়নের প্রক্রিয়া শুরু করা হোক। তাদের মতে, সেটিই হবে বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ও তাদের পরিবারের প্রতি প্রকৃত সম্মান।

প্রকাশক:
অ্যাডভোকেট এ. এন. এম. ঈসা
কেন্দ্রীয় আহ্বায়ক
আন্তর্জাতিক রেমিট্যান্স যোদ্ধা সংসদ
এম. এ. রউফ (কাতার)
সদস্য সচিব, কেন্দ্রীয় কমিটি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *