সৌদিতে এক সপ্তাহে গ্রেপ্তার ১৫ হাজারের বেশি প্রবাসী, ফেরত পাঠানো হলো ১১ হাজার

সৌদিতে এক সপ্তাহে গ্রেপ্তার ১৫ হাজারের বেশি প্রবাসী, ফেরত পাঠানো হলো ১১ হাজার

Jun 28, 2026

রিমন হোসেন, সৌদি আরব

সৌদি আরবে আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে বিদেশি নাগরিকদের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। গত এক সপ্তাহে বিভিন্ন এলাকায় পরিচালিত অভিযানে ১৫ হাজার ২৩১ জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ১১ হাজার ২৯৭ জনকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

শনিবার সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এসব তথ্য জানায়। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে আবাসন আইন ও ভিসা-সংক্রান্ত বিধি লঙ্ঘনের অভিযোগে আটক হয়েছেন ৭ হাজার ৫৮৯ জন। সীমান্ত নিরাপত্তা আইন ভঙ্গের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে ৪ হাজার ৪৪৩ জনকে। এ ছাড়া শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে আটক হয়েছেন আরও ৩ হাজার ১৯৯ জন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কার্যক্রম চলছে। বর্তমানে আইন লঙ্ঘনের অভিযোগে মোট ২৬ হাজার ৪০৭ জন বিভিন্ন আইনি প্রক্রিয়ার আওতায় রয়েছেন। তাঁদের মধ্যে ২৪ হাজার ৩৩৪ জন পুরুষ এবং ২ হাজার ৭৩ জন নারী। একই সঙ্গে অবৈধভাবে অবস্থানরত বিদেশিদের আশ্রয় দেওয়া, কর্মসংস্থানের সুযোগ তৈরি করা, পরিবহন বা অন্য কোনোভাবে সহযোগিতা করার অভিযোগে জড়িত ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে মন্ত্রণালয়। সৌদি কর্তৃপক্ষ পুনরায় সতর্ক করে বলেছে, দেশটির আবাসন, শ্রম ও সীমান্ত-সংক্রান্ত আইন অমান্যকারীদের পাশাপাশি তাঁদের সহযোগিতাকারীদের বিরুদ্ধেও কঠোর আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *