চাঁদাবাজি-হয়রানির অভিযোগ, টঙ্গীতে এডভোকেট জালালের বিরুদ্ধে ঝাড়ু মিছিল, মানববন্ধন

চাঁদাবাজি-হয়রানির অভিযোগ, টঙ্গীতে এডভোকেট জালালের বিরুদ্ধে ঝাড়ু মিছিল, মানববন্ধন

Oct 4, 2026

নিজস্ব প্রতিবেদক:

গাজীপুর মহানগরের টঙ্গীর ৫২ নম্বর ওয়ার্ডের গুটিয়া-আন্দারুল এলাকায় এডভোকেট জালালের বিরুদ্ধে চাঁদাবাজি, মামলা-বাণিজ্য ও হয়রানির অভিযোগ তুলে ঝাড়ু মিছিল ও মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত ও আইনগত ব্যবস্থা নেওয়ার দাবিতে ‘গুটিয়াবাসী এক হও, সন্ত্রাসকে রুখে দাও’ স্লোগানে এ কর্মসূচি পালন করা হয়। শনিবার (৩ অক্টোবর) টঙ্গী পশ্চিম থানাধীন আন্দারুল কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে ‘শান্তিপ্রিয় গুটিয়াবাসী’র ব্যানারে এ ঝাড়ু মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে অংশ নেওয়া স্থানীয় বাসিন্দারা বিভিন্ন স্লোগান দেন। এ সময় তাদের হাতে ঝাড়ু, জুতা ও বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড দেখা যায়। বিক্ষোভকারীদের অভিযোগ, এডভোকেট জালাল দীর্ঘদিন ধরে নিজেকে বিএনপি নেতা হিসেবে পরিচয় দিয়ে আন্দারুল এলাকার বিভিন্ন কর্মকাণ্ডকে কেন্দ্র করে চাঁদা দাবি করে আসছেন। বালু ভরাট, বাড়ি নির্মাণ, এলাকায় গাড়ি চলাচল এবং মাছ ধরার নৌকা চলাচলসহ বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে তার পক্ষ থেকে চাঁদা দাবি করা হয় বলে অভিযোগ করেন তারা। তাদের আরও অভিযোগ, দাবিকৃত চাঁদা দিতে অস্বীকৃতি জানালে স্থানীয়দের বিভিন্নভাবে চাপ প্রয়োগ ও হয়রানি করা হয়। পাশাপাশি মামলা-বাণিজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগও তুলে ধরেন বিক্ষোভকারীরা। মানববন্ধনে বক্তারা বলেন, এসব অভিযোগের সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করা প্রয়োজন। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা। একই সঙ্গে এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন। এ বিষয়ে এডভোকেট জালালের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করে তিনি  তিনি জানান, তিনি আগামীতে কাউন্সিলর নির্বাচন করবেন তার নির্বাচনী ভাবমূর্তি ক্ষুন্ন করতে এবং তার দলের বদনাম করতে একটি পক্ষ তার বিরুদ্ধে মিথ্যা প্রোপাগান্ডা ছড়াচ্ছে। এদিকে, স্থানীয়দের উত্থাপিত অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন বিক্ষোভকারীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *