আত্রাই থানা আকস্মিক পরিদর্শনে পুলিশ সুপার, জনবান্ধব পুলিশিং জোরদারের নির্দেশ
নওগাঁ জেলা প্রতিনিধিঃ
নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম অদ্য রাতে আত্রাই থানা আকস্মিক পরিদর্শন করেন।।পরিদর্শনকালে তিনি থানার সার্বিক কার্যক্রম পর্যালোচনা করেন এবং আইনশৃঙ্খলা রক্ষায় আরও পেশাদারিত্ব, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। এ সময় পুলিশ সুপার থানায় আগত সেবাপ্রার্থীদের প্রতি আন্তরিক, মানবিক ও দ্রুত সেবা নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। এছাড়াও অপরাধ দমন, মাদকবিরোধী অভিযান জোরদার, গ্রেপ্তারি পরোয়ানা (ওয়ারেন্ট) তামিল, বিট পুলিশিং কার্যক্রম শক্তিশালীকরণ এবং জনবান্ধব পুলিশিং বাস্তবায়নে সকল পুলিশ সদস্যকে নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন। পুলিশ সুপার বলেন, জনগণের আস্থা অর্জনের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে পুলিশ সদস্যদের সর্বোচ্চ আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। তাঁর এই আকস্মিক পরিদর্শন থানার কার্যক্রমে গতি ও সেবার মানোন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।