ভাওয়াল রেঞ্জের বিকেবাড়ি বিট এলাকায় বনভূমি দখলের অভিযোগ, চলছে দোকান ও বসতবাড়ি নির্মাণ
গাজীপুর প্রতিনিধি:
গাজীপুরের বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের অধীন ভাওয়াল রেঞ্জের বিকেবাড়ি বিট অফিস এলাকার দফাদারপাড়ায় বন বিভাগের জমি দখল করে দোকানঘর ও বসতবাড়ি নির্মাণের অভিযোগ উঠেছে।
স্থানীয়দের অভিযোগ, বন বিভাগের নিয়ম নিতি তোয়াক্কা না করেই শুক্কুর আলী পলানের ছেলে শারিকুল ইসলাম পলান দীর্ঘদিন ধরে বনভূমি দখল করে একাধিক দোকানঘর ও বসতবাড়ি নির্মাণ করেছেন। সম্প্রতি তিনি আরও দুইটি নতুন দোকানঘর নির্মাণ করেছেন।
এছাড়া, সামাজিক বনায়নের নামে বরাদ্দ পাওয়া প্লটের গাছ কেটে জ্বালানি কাঠের ব্যবসা পরিচালনার অভিযোগও রয়েছে। এমনকি ওই জ্বালানি কাঠের দোকানটিও বনভূমি দখল করে নির্মাণ করা হয়েছে।
অভিযোগ রয়েছে, গাছ কাটার ভিডিওসহ বিভিন্ন প্রমাণ সংশ্লিষ্ট সাবেক বিট কর্মকর্তার কাছে দেওয়া হলেও কোনো প্রকার কার্যকর ব্যবস্থা তার বিরুদ্ধে নেওয়া হয়নি। এতে স্থানীয় পরিবেশ সচেতন মহলে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। তারা দ্রুত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
বিকেবাড়ি বিট কর্মকর্তা জাহাঙ্গীর আলম এ বিষয়ে বলেন, তার এসকল অভিযোগের বিষয়ে আমার জানা নেই।তবে কেউ বনের জমি জবরদখল করলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে এবং দখলদার উচ্ছেদ করা হবে।
এই বিষয়ে ভাওয়াল রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মোজাম্মেল হক জানান, বনের জমি যদি নতুন করে কেউ দখল করে থাকে তাহলে তাকে উচ্ছেদ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।