আড়াইহাজারে সশস্ত্র হামলায় এসি ল্যান্ডসহ আহত ৬

আড়াইহাজারে সশস্ত্র হামলায় এসি ল্যান্ডসহ আহত ৬

Jun 21, 2026

 

অফিস ডেস্ক:

নারায়ণগঞ্জের আড়াইহাজারে সশস্ত্র দুর্বৃত্তদের হামলায় কুমিল্লার মুরাদনগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাছান খাঁনসহ ছয়জন আহত হয়েছেন।

একই রাতে পাশের একটি বাড়িতে ডাকাতির ঘটনায় নগদ অর্থ ও স্বর্ণালংকার লুটের অভিযোগ উঠেছে। শুক্রবার দিবাগত রাত প্রায় ১টার দিকে উপজেলার হাইজাদী ইউনিয়নের ধন্দী ও রাইনাদী-আতাদী এলাকায় এসব ঘটনা ঘটে। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, ধন্দী গ্রামের বাসিন্দা এবং বর্তমানে কুমিল্লার মুরাদনগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হিসেবে কর্মরত সাকিব হাছান খাঁন ছুটিতে নিজ বাড়িতে অবস্থান করছিলেন। রাতে বিদ্যুৎ না থাকায় তিনি কয়েকজন পরিচিত ব্যক্তির সঙ্গে বাড়ির পাশের সড়কে বসে ছিলেন। এ সময় ১০ থেকে ১২ জনের একটি সশস্ত্র দল তাদের ওপর হামলা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে। হামলায় সাকিব হাছান খাঁন ছাড়াও মুকুল (৩৮), রাজিব (৩২), রুবেল (৩৬), ফারুক (৩২) এবং ডালিয়া (৩৩) আহত হন। আহতদের চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করে। পরে আহতদের উদ্ধার করে প্রথমে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য কয়েকজনকে ঢাকায় পাঠানো হয়েছে।

এদিকে স্থানীয়দের দাবি, একই রাতের কিছু সময় পর রাইনাদী-আতাদী এলাকার সুমন নামে এক ব্যক্তির বাড়িতে হানা দেয় দুর্বৃত্তরা। অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে নগদ প্রায় ২ লাখ ৭০ হাজার টাকা এবং প্রায় ১৪ ভরি স্বর্ণালংকার নিয়ে যায় তারা। আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সবজেল হোসেন জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পাওয়া গেলে তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *