প্রসূতি মা ও ২ জন নবজাতক শিশুর মৃত্যু ঘটনা পঞ্চগড়ে আদর্শ ক্লিনিক সিলগালা

প্রসূতি মা ও ২ জন নবজাতক শিশুর মৃত্যু ঘটনা পঞ্চগড়ে আদর্শ ক্লিনিক সিলগালা

Jun 11, 2026

 

পঞ্চগড় জেলা প্রতিনিধি :খাদেমুল ইসলাম

পঞ্চগড়ে বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান আদর্শ ক্লিনিকে এক প্রসূতি মা ও ২ জন নবজাত শিশুর মৃত্যুর ঘটনায় স্থানীয়দের মাঝে চরম উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। একের পর এক মৃত্যুর ঘটনায় প্রতিষ্ঠানটির চিকিৎসাসেবার মান, নিরাপত্তা ও তদারকি নিয়ে প্রশ্ন উঠেছে।

বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর নড়েচড়ে বসে স্বাস্থ্য বিভাগ। গত বুধবার (১০ জুন) রাত ১১টার দিকে পঞ্চগড়ের সিভিল সার্জন ডা. মিজানুর রহমান ক্লিনিকটি পরিদর্শন করে অপারেশন থিয়েটার (ওটি) ও লেবার রুম সিলগালা করেন। একই সঙ্গে তদন্ত কমিটির প্রতিবেদন না পাওয়া পর্যন্ত ক্লিনিকে সকল ধরনের অপারেশন কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেন তিনি।

জানা গেছে, গত ৭ জুন রাতে আদর্শ ক্লিনিকে নরমাল ডেলিভারির সময় মনিরুল ইসলামের স্ত্রী মিতু আক্তারের নবজাতকের মৃত্যু হয়। এর দুই দিন পর, ১০ জুন সদর উপজেলার অমরখানা ইউনিয়নের নূরনবীর স্ত্রী পাপড়ি আক্তারের নরমাল ডেলিভারির সময় প্রথমে নবজাতকের মৃত্যু ঘটে। পরে প্রসূতি পাপড়ি আক্তারও মারা যান।

পরপর এসব মৃত্যুর ঘটনায় নিহতদের স্বজনরা চিকিৎসায় অবহেলা, দায়িত্বহীনতা ও অনিয়মের অভিযোগ তুলেছেন। ঘটনাগুলোকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যেও ব্যাপক ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে।

এদিকে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আদর্শ ক্লিনিকের হালনাগাদ লাইসেন্স নেই। এছাড়াও প্রতিষ্ঠানটির বিরুদ্ধে দীর্ঘদিন ধরে বিভিন্ন অনিয়মের অভিযোগ রয়েছে। এসব অভিযোগের সত্যতা যাচাই এবং মৃত্যুর কারণ অনুসন্ধানে স্বাস্থ্য বিভাগ তদন্ত কার্যক্রম শুরু করেছে।

সিভিল সার্জন ডা. মিজানুর রহমান বলেন, তদন্ত কমিটির প্রতিবেদন হাতে পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ক্লিনিকটির অপারেশন কার্যক্রম বন্ধ থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *