চট্টগ্রাম বন্দরের বহিনোঙরে তেলবাহী জাহাজে আগুন, নিয়ন্ত্রণে কোস্ট গার্ডের অভিযান
স্টাফ রিপোর্টার:
চট্টগ্রাম বন্দরের বহিনোঙরে নোঙর করা ‘এমটি মেঘনা ট্রেডার’ নামের একটি তেলবাহী জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকাল ৭টা ২৫ মিনিটের দিকে হঠাৎ জাহাজটিতে আগুনের সূত্রপাত হলে দ্রুত তা ছড়িয়ে পড়ে।
ঘটনার পরপরই বাংলাদেশ কোস্ট গার্ড আগুন নিয়ন্ত্রণে অভিযান শুরু করে। সমুদ্রের বুকে বড় ধরনের দুর্ঘটনা এড়াতে কোস্ট গার্ডের একাধিক ইউনিট একযোগে কাজ করছে।
আগুন নিয়ন্ত্রণে অংশ নিয়েছে কোস্ট গার্ড জাহাজ ‘শ্যামল বাংলা’ ও ‘বিসিজিটি প্রমত্ত’। এছাড়া বিসিজি বেইস চট্টগ্রাম এবং বিসিজি আউটপোস্ট পতেঙ্গা থেকে দুটি ফায়ার ফাইটিং টিম ঘটনাস্থলে কাজ করছে। উদ্ধার ও অভিযান ত্বরান্বিত করতে ব্যবহার করা হচ্ছে একাধিক হাইস্পিড বোট।
কোস্ট গার্ড পূর্ব জোনের মিডিয়া কন্ট্রোল রুম থেকে অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তারা জানান, আগুন নিয়ন্ত্রণে আনতে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন কোস্ট গার্ড সদস্যরা।
তবে কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে এবং এতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে কিনা তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে বিস্তারিত তথ্য জানানো হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।