ব্রাহ্মণবাড়িয়ায় হোটেলে অভিযান, ৮ হাজার ইয়াবাসহ আটক ২
মস্ত মিয়া
জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া :
ব্রাহ্মণবাড়িয়া শহরের কাউতলী মোড় এলাকায় একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
শনিবার (২৩ মে) সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত পরিচালিত অভিযানে সদর থানাধীন কাউতলী মোড়ের হোটেল নোওমির দ্বিতীয় তলার একটি কেবিন থেকে ৮ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।
গ্রেফতাররা হলেন শহরের কাজীপাড়া এলাকার মোঃ ইব্রাহিম (৪১) ও মোঃ আকাশ (২১)। অভিযানের সময় তারা হোটেলের একটি মহিলা কেবিনে অবস্থান করছিলেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য উল্লেখযোগ্য। পরে আটক দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
মামলার বাদী হয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোহাম্মদ ওবায়দুল কবির।
বিষয়টি নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক সাজেদুল হাসান বলেন, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদকের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।