সঙ্গীর মৃত্যু মেনে নিতে পারেনি ভেড়ার দল, সড়কে দাঁড়িয়ে রইল দেড় ঘণ্টা

সঙ্গীর মৃত্যু মেনে নিতে পারেনি ভেড়ার দল, সড়কে দাঁড়িয়ে রইল দেড় ঘণ্টা

রহমত আরিফ, ঠাকুরগাঁও প্রতিনিধি :

ঠাকুরগাঁও সদর উপজেলার মুন্সীরহাট এলাকায় সড়ক দুর্ঘটনায় একটি ভেড়ার মৃত্যু হলে তাকে ঘিরে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকে পুরো ভেড়ার পাল। হৃদয়স্পর্শী এ দৃশ্য স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো খামারি মো. ফরিদের ভেড়ার পাল মাঠে যাওয়ার জন্য বের হয়েছিল। মুন্সীরহাট এলাকায় রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী যান একটি ভেড়াকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই প্রাণীটি মারা যায়।

দুর্ঘটনার পর সাধারণত প্রাণীরা ছুটে পালিয়ে গেলেও এবার দেখা যায় ভিন্ন চিত্র। মৃত ভেড়াটিকে ঘিরে সড়কের ডিভাইডারে দাঁড়িয়ে পড়ে বাকি ভেড়াগুলো। কেউ সামনে এগোয়নি, কেউ সরে যায়নি। প্রায় দেড় ঘণ্টা একই জায়গায় দাঁড়িয়ে ছিল তারা।

ঘটনার সময় উপস্থিত দোকানি মো. মোস্তাক আলী বলেন, “ভাবছিলাম বাকি ভেড়াগুলো ভয় পেয়ে পালিয়ে যাবে। কিন্তু তারা মৃত সঙ্গীটিকে ঘিরে দাঁড়িয়ে ছিল। দৃশ্যটি দেখে খুব খারাপ লেগেছে।”

পথচারী সুজন মিয়া জানান, কয়েকজন মিলে ভেড়াগুলোকে সরানোর চেষ্টা করা হলেও তারা সেখান থেকে সরেনি। এ সময় সড়কে যান চলাচলেও কিছুটা বিঘ্ন ঘটে।

পরে খবর পেয়ে ঘটনাস্থলে আসেন ভেড়ার মালিক মো. ফরিদ। তিনি মৃত ভেড়াটিকে সরিয়ে নেওয়ার পর ধীরে ধীরে রাস্তা ছাড়ে বাকি ভেড়াগুলো।

ফরিদ বলেন, “ভেড়ারা দলবদ্ধ প্রাণী। দলের কেউ বিপদে পড়লে বা হারিয়ে গেলে তারা সহজে তাকে ছেড়ে যায় না।”

এ বিষয়ে ঠাকুরগাঁও সরকারি কলেজের প্রাণীবিজ্ঞান বিভাগের প্রভাষক ডালিম কুমার রয় বলেন, “দলবদ্ধ প্রাণীদের মধ্যে সামাজিক বন্ধন অত্যন্ত শক্তিশালী। সঙ্গী হারালে তারা মানসিকভাবে প্রভাবিত হয়। ভেড়াদের এই আচরণ তারই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *